১২ বছরেও বিদ্যুতের সংযোগ পায়নি বীর বিক্রমের পরিবার
‘বীর বিক্রম উপাধি নিয়া আর কী অইবো, দেশ যারা কষ্ট কইর্যা স্বাধীন কইরছে, তাগো এহন আর কোনো দাম নাই। বিদ্যুতের লাইনের জন্যি কতবারই না অফিসে গ্যাছি। বিদ্যুৎ দেয়া দূরের কথা, অফিসাররা কথাই কয় না। কত লোক ট্যাহা দিয়া কাজ কইরা নিছে। আমি বিধবা মানুষ ট্যাহা দিবার পারি নাই বইল্যা আমার কাজ অয় নাই।’ এ কথাগুলো সিরাজগঞ্জের সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা প্রয়াত শাহ আলীর (বীর বিক্রম) স্ত্রী জাহানারা বেওয়ার (৭০)। স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার সিরাজগঞ্জ শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি এসব কথা বলেন। জাহানারা বেওয়া অভিযোগ করেন, তাঁদের বাড়ির পাশে লাইন আছে। প্রায় ১২-১৪ বছর আগে তাঁর স্বামী পল্লী বিদ্যুত সমিতির শিয়ালকোল কার্যালয়ে আবেদন করেন। ২০০০ সালে স্বামী মারা যাওয়ার পর একজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে তিনি ওই কার্যালয়ে আবার যান। এতে কোনো কাজ না হওয়ায় ২০১০ ও ২০১১ সালে আবেদন করেন। কিন্তু তিনি এখনো বিদ্যুতের সংযোগ পাননি। পবিসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মামুনর রশিদ জানান, স্থানীয়ভাবে সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি নিরসন করার জন্য বলা হয়েছিল।