১২ বছরেও শেষ হয়নি কাটাখালী সেতুর কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বলদিয়া বাজার এলাকায় কাটাখালী খালের ওপর একটি সেতুর নির্মাণকাজ প্রায় এক যুগেও শেষ হয়নি। এলাকাবাসীর দুর্ভোগের পাশাপাশি অসমাপ্ত ওই সেতু দিয়ে পার হতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছেন। ঠিকাদার জানিয়েছেন, প্রকল্প বন্ধ তাই তিনি কাজ বন্ধ রেখেছেন। কর্তৃপক্ষের বক্তব্য, আগামী অর্থবছরে নতুন করে দরপত্র আহ্বান করে ওই সেতুর বাকি কাজ সম্পন্ন করা হবে।এলজিইডি পিরোজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে বলদিয়া ইউনিয়নের বলদিয়া বাজার এলাকায় সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২৫ মিটার দৈর্ঘ্য ও তিন মিটার প্রস্থের এ লৌহ সেতু নির্মাণব্যয় ১০ লাখ টাকা ধরে দরপত্র আহ্বান করা হয়। স্বরূপকাঠির মেসার্স সাজ্জাদ কনস্ট্রাকশন কাজটি পায়। কার্যাদেশের সময়সীমা ছিল ৬০ দিন।সরেজমিন গত শনিবার দেখা যায়, সেতু নির্মাণে লোহার অবকাঠামো তৈরি করে রাখা হয়েছে। এলাকার ইউপি সদস্য নাসির উদ্দিন বাবু জানান, কাটাখালী সেতুর দক্ষিণে বড় বাজার। এ ছাড়া সেতুর কাছে কলেজ ও বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা ও মসজিদ রয়েছে। বিকল্প না থাকায় প্রতিদিন বহু লোক ঝুঁকি নিয়ে অসমাপ্ত সেতুর ওপর দিয়ে যাতায়াত করে। এ জন্য অনেক পথচারী দুর্ঘটনার শিকার হন।বলদিয়া আলহাজ আ. রহমান কলেজের ছাত্র সোহাগ জানান, চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় সেতুর নির্মাণকাজের অবস্থা যা দেখেছিলাম, এখন আমি কলেজে পড়াকালে একই অবস্থা দেখছি। বলদিয়া সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার জানান, ভয়ের মধ্যে অসমাপ্ত সেতুর ওপর দিয়ে স্কুলে যেতে হয়। বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বলেন, ‘ঠিকাদারের গাফিলতির কারণে এই সেতুর নির্মাণকাজটি হচ্ছে না। এ জন্য এলাকাবাসীর কথা শুনতে হচ্ছে আমাকে। আমি উপজেলা সমন্বয় কমিটির সভায় এলাকাবাসীর ভোগান্তির কথা তুলেছি।’ বলদিয়া বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, পণ্য নিয়ে অসমাপ্ত সেতু থেকে এপার-ওপার যেতে সমস্যা হয়। এর চেয়ে বাঁশের সাঁকোই আমাদের কাছে ভালো ছিল।ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাজ্জাদ কনস্ট্রাকশনের মালিক মো. রেজাউল করিম বলেন, ‘সেতু নির্মাণকাজটি ছিল স্বল্প ব্যয়ে (লো-কস্ট) সেতু নির্মাণ প্রকল্পের আওতায়। কাজও অনেক দূর এগিয়ে। সেতুর ওপর স্লাবের নির্মাণকাজ বাকি। প্রকল্প বন্ধ হওয়ার কারণে তহবিলপ্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দেওয়ায় নির্মাণকাজ বন্ধ রেখেছি। অর্থপ্রাপ্তির নিশ্চয়তা পেলে বাকি কাজ করে দেব।’এলজিইডির স্বরূপকাঠি উপজেলা প্রকৌশলী মো. কবির মিয়া জানান, সেতু নির্মাণের জন্য লোহার অবকাঠামে তৈরি অনেক আগেই শেষ হয়েছে। আগামী অর্থবছরে নতুন করে ওই সেতুর উপরিভাগ (স্লাব) ঢালাইয়ের কাজের জন্য দরপত্র আহ্বান করে কাজ সম্পন্ন করা হবে।