১২ বছরের কম বয়সীদের গৃহকর্মে নিয়োগ দেওয়া যাবে না: হাইকোর্ট
গৃহকর্মে ১২ বছরের কম বয়সী শিশু নিয়োগ দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ১২ বছরের ওপরে বিশেষ করে ১৪ থেকে ১৮ বছর বয়সী শিশুদের গৃহকর্মে নিয়োগের ক্ষেত্রে তাদের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে গৃহকর্মীদের সংখ্যা নির্ণয়ের জন্য বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া গৃহকর্মীদের আইনি সুরক্ষা দিতে একটি মনিটরিং কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, ২০১০ সালের ২৮ এপ্রিল টঙ্গীর গৃহকর্মী ১০ বছরের সুমীকে ফুলের টব ভাঙার অপরাধে পায়ুপথে খুন্তি ঢুকিয়ে নির্যাতন করা হয়। এ নিয়ে ৩ মে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ধরনের নির্যাতন এড়াতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষে সহসভাপতি ফাহিমা নাসরিন হাইকোর্টে ওই বছর রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ৪ মে আদালত রুল জারি করেন। আর রুলের ওপর চূড়ান্ত শুনানির পর গতকাল রায় দেওয়া শেষ করেন আদালত। একই সঙ্গে অবিলম্বে জাতীয় শিশুশ্রম কল্যাণ কাউন্সিল গঠন করতে আদালত সরকারকে নির্দেশ দিয়েছেন।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ফাহিমা নাসরিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু মামলা পরিচালনা করেন।