১২ বছরের মেয়েকে বিয়ে দিতে লুকিয়ে রেখেছেন অভিভাবক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের শিক্ষকেরা এই বিয়ে ঠেকানোর চেষ্টা করায় মেয়েটিকে তার অভিভাবকেরা অন্যত্র সরিয়ে ফেলেছেন। জোর করে মেয়েটিকে যেকোনো সময় বিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী দিদারুল আলম প্রথম আলোকে বলেন, সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে বিয়ে দেওয়ার চেষ্টা চলছে শুনে তিনি ছাত্রীর অভিভাবককে ডেকে বিয়ে ভেঙে দিতে অনুরোধ করেন। কিন্তু মেয়ের বাবা তাঁর অনুরোধ না শুনে মেয়েকে বিয়ে দিতে অজ্ঞাত জায়গায় সরিয়ে নিয়েছেন। বিষয়টি তিনি স্থানীয় কাজি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন। মেয়েটি যে বিদ্যালয়ে পড়ে তার প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, সে মেধাবী ছাত্রী। তার জন্মতারিখ ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর। তিনি জানান, তাকে বিয়ে না দিতে বিদ্যালয়ের শিক্ষকেরাও গত মঙ্গলবার অভিভাবককে অনুরোধ করেছেন। তাতেও তার পরিবার সিদ্ধান্ত পাল্টায়নি। এ ব্যাপারে বক্তব্য নিতে মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাঁদের কাউকে পাওয়া যায়নি।