১২ বারেও জবাব না পেয়ে পটিয়া থানার ওসির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

নয় মাস আগে মারধরের অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় এক ব্যক্তি প্রতিবেশীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত তদন্তের জন্য পটিয়া থানার ওসিকে নির্দেশ দেন। কিন্তু বারবার আদালত থেকে তাগাদা দেওয়া হলেও ওই প্রতিবেদন দাখিল করা হয়নি। এভাবে একে একে ধার্য দিনের সংখ্যা এসে দাঁড়ায় ১২-তে।
সর্বশেষ মঙ্গলবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিনও প্রতিবেদন না পাওয়ায় মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন আদালত। একই সঙ্গে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহর বিরুদ্ধে কেন আদালত অবমাননা এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তিন কার্য দিবসের মধ্যে তার জবাব দিতে বলেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এই আদেশ দেন।
বিচারক আদেশে উল্লেখ করেন, থানা থেকে মামলাটির প্রতিবেদন না আসায় বিচারপ্রক্রিয়া স্থবির হয়ে আছে। এতে বিচারপ্রার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পটিয়া থানার ওসি ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ অবজ্ঞা করে দায়িত্ব পালন থেকে বিরত থেকেছেন।
জানতে চাইলে পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেওয়া হয়। কোনো কারণে হয়তো আদেশগুলো তাঁর কাছে পৌঁছায়নি বা থানার কোনো উপপরিদর্শক (এসআই) তাঁর কাছ থেকে বিষয়টি গোপন করেছেন। আদালতের কাগজপত্র দেখে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন।
মামলার বাদী মুসলিম উদ্দিন বলেন, ২০১৭ সালের ৩ ডিসেম্বর আদালতে তিনি একটি মামলা করেন, যাতে প্রতিবেশীর বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ আনা হয়। কিন্তু থানা-পুলিশ এখনো সেই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।
চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বলেন, একটি মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় পটিয়া থানার ওসির কাছে এর ব্যাখ্যা চেয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।