১২ বিদ্যালয়কে বাড়তি ফি ফেরত দিতে বোর্ডের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাড়তি ফি আদায়ের অভিযোগ ওঠা ১২টি বিদ্যালয়ের সঙ্গে বৈঠক করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। চট্টগ্রাম নগরে অবস্থিত এসব বিদ্যালয়কে বাড়তি অর্থ শিক্ষার্থীদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ভবনে বোর্ডের চেয়ারম্যান কার্যালয়ে এ বৈঠক হয়। এতে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান ও বিদ্যালয়গুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বৈঠকের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার ৪৫৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ৩৫৫ টাকার বেশি নেওয়া যাবে না। কয়েকটি বিদ্যালয় বাড়তি ফি নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব বিদ্যালয়কে বৈঠকে ডাকা হয়েছে। নির্ধারিত ফির বেশি টাকা নিয়ে থাকলে তা ফেরত দিতে বলা হয়েছে।