১২ বিশ্ববিদ্যালয়ে যাচাই করে ভর্তির পরামর্শ ইউজিসির
যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে মামলা-মোকদ্দমা, অবৈধ ক্যাম্পাস পরিচালনাসহ বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেগুলোর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ ধরনের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১২টি।
এগুলোর মধ্যে ছয়টি বিশ্ববিদ্যালয় আদালতের স্থগিতাদেশ নিয়ে ক্যাম্পাস চালাচ্ছে, যার চারটি নিয়ে মালিকানার দ্বন্দ্বে মামলা চলছে।
ইউজিসির নির্দেশ অমান্য করে অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা করছে ছয়টি। এর মধ্যে অবশ্য মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকা দুটি বিশ্ববিদ্যালয়ও রয়েছে। এ ছাড়া অনিয়মের কারণে দুটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলেও আদালতের স্থগিতাদেশ নিয়ে চলছে।
ইউজিসি গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তালিকা প্রকাশ করেছে, যা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হবে বলে জানিয়েছেন ইউজিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা। ইউজিসি এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষার্থীদের সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে। ৩ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘অবৈধ শাখা ক্যাম্পাস চালাচ্ছে ১২ বিশ্ববিদ্যালয়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ব্যাখ্যা: ৩ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া কর্তৃপক্ষ। ইউজিসির চিঠির উদ্ধৃতি দিয়ে তারা বলেছে, রাজশাহী বা অন্য কোথাও তাদের অবৈধ কোনো ক্যাম্পাস নেই।