১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন প্রতিবেশ সংকাটাপন্ন পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানায় গত সোমবার মামলা করেছেন পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।মামলায় অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো: রামুর জোয়ারিয়ানালা গ্রামের মো. ইদ্রিস, মেরংলোয়ার মুজিবুল ইসলাম, কলাতলীর মো. শফিউল্লাহ, পাহাড়তলীর রফিকুল ইসলাম, কলাতলীর একর্ড হোল্ডিং লিমিটেড, আরএফ বিল্ডার্স লিমিটেড, এটলার্স ডেভেলপারস কোম্পানি, আইকন প্রপার্টিজ লিমিটেডসহ তিনটি অজ্ঞাত প্রতিষ্ঠান।মামলার বাদী ইব্রাহীম খলিল প্রথম আলোকে বলেন, সমুদ্রসৈকত-সংলগ্ন কলাতলী, আদর্শগ্রাম, টিঅ্যান্ডটি পাহাড়, জেলা কারাগার ও বাইপাস সড়কের দুই পাশে বন বিভাগের উঁচু পাহাড় কেটে এবং দখল করে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান বহুতল ভবন তৈরি করছে। পুলিশ ও পরিবেশ অধিদপ্তর একাধিকবার অভিযান চালিয়ে দখলের তৎপরতা বন্ধ এবং জরিমানা আদায় করলেও বন বিভাগের নীরব ভূমিকায় ভূমিদস্যুরা আবার সক্রিয় হচ্ছে। এতে পরিবেশ-প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, ‘এক বছর ধরে সমুদ্রসৈকত-সংলগ্ন এবং এর আশপাশে পাহাড় কাটার ঘটনা বেড়ে গেছে। তার পরও সংশ্লিষ্ট বন বিভাগ পাহাড় কাটা বন্ধে কোনো ধরনের অভিযান চালাচ্ছে না। দখলদারদের বিরুদ্ধে মামলাও করছে না। এ জন্যই জনস্বার্থে ১২ জন দখলদারের বিরুদ্ধে আমরা মামলা করেছি।’কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তের জন্য চট্টগ্রাম পরিবেশ আদালতে পাঠানো হচ্ছে। পরিবেশ অধিদপ্তর থেকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।