চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান
১২ ব্যক্তি ও ১৫ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
সড়কের ওপর অবৈধ পার্কিং, নালা দখল এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে ১২ ব্যক্তি ও ১৫ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বন্দর থানার নিমতলা ও বড়পুল এবং পাঁচলাইশ থানার খতিবের হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার। সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং এবং নালা ও ফুটপাতের ওপর বাঁশ ও কাঠের স্তূপ রেখে চলাচলে বাধা সৃষ্টি করায় ১২ ব্যক্তিকে ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন তিনি।
এ ছাড়া খতিবের হাট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন। ট্রেড লাইসেন্স না থাকায় এবং নবায়ন না করায় ১৫ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেন তিনি।
দুটি অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে চট্টগ্রাম নগর পুলিশ।