অবৈধ প্রক্রিয়ায় ভর্তি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও লোকপ্রশাসন বিভাগের ১২ জন শিক্ষার্থীর সব পর্যায়ের পরীক্ষার ফলাফল বাতিল করেছে কর্তৃপক্ষ। ভুয়া প্রমাণিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে এঁরা সব পরীক্ষা দেন ও সনদ নিয়ে চলে যান।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৭ সালে ভুয়া চিহ্নিত হলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ওই ১২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করে। তবুও এঁরা অসদুপায় অবলম্বন করে বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়ে ফলাফল নিয়ে যান। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তদন্তের ফলে বিষয়টি ধরা পড়ে। কর্তৃপক্ষ তাঁদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের সম্মান ও মাস্টার্স পরীক্ষার ফলাফল বাতিল করেছে।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যেসব শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হয়েছে তাঁরা হলেন: আয়নাল হক (স্নাতক শ্রেণী, রোল-১০৪, এ এফ রহমান হল), আনিসুর রহমান (স্নাতক শ্রেণী, রোল-১১২, এ এফ রহমান হল), ফারহানা রহমান (স্নাতক শ্রেণী, রোল-১১৬, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল), রেজাউল ইসলাম খান (স্নাতক শ্রেণী, রোল-১৩০, জিয়া হল), সোমেল মাহমুদ (স্নাতক শ্রেণী, রোল-৬০, এ এফ রহমান হল), আবদুল্লাহ আল রোমান (স্নাতক শ্রেণী, রোল-১২৭, এ এফ রহমান হল), মাজাহারুল ইসলাম (স্নাতক শ্রেণী, রোল-১৩১, এ এফ রহমান হল), সামিনা সাঈদ (স্নাতক শ্রেণী, রোল-১১৭, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল) ও নুসরাত শারমীন (স্নাতক শ্রেণী, রোল-১২৮, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল)। লোকপ্রশাসন বিভাগের যেসব শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হয়েছে তাঁরা হলেন: জাকিয়া সুলতানা (স্নাতক শ্রেণী, রোল-১৭৭, ফজিলাতুন্নেসা মুজিব হল), শাহ আলম (স্নাতক শ্রেণী, রোল-২৫৩, এ এফ রহমান হল), নাজিয়া আহমেদ (স্নাতক শ্রেণী, রোল-১৭৬, রোকেয়া হল) ও নাজিয়া আহমেদ (এমএসএস শ্রেণী, রোল-১০৯৮, রোকেয়া হল)। ভুয়া প্রমাণের পর ভর্তি বাতিল হওয়া লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী দিলরুবা খানম গত ৮ জুলাই স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির আবেদন করেন। তাঁর ওই আবেদনের পর কর্তৃপক্ষের নজরে আসে, সনদের জন্য আবেদন করেছেন ভুয়া শিক্ষার্থী। এরপর অনুসন্ধান শুরু করলে অন্য ১১ জনের বিষয়টি বেরিয়ে আসে।