যশোর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থীর মধ্যে আটজন ‘কাঁচি’ প্রতীক চেয়ে আবেদন করেছেন।
পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সুফিয়া বেগম বলেন, ‘নির্বাচন কমিশন থেকে বরাদ্দকৃত প্রতীকগুলোর মধ্যে অধিকাংশ প্রচার-উপযোগী নয়। তা ছাড়া গ্যাসের চুলা ও হারমোনিয়াম এবং ফ্রক ও পুতুল ব্যালটে একই রকম দেখাচ্ছে। ভোটের সময় একটু বয়স্ক ও সাধারণ মানুষ এক প্রতীকে ভোট দিতে গিয়ে অন্যটিতে দিয়ে ফেলতে পারেন। এ জন্য আমরা কাঁচি প্রতীক দাবি করছি।’
সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র পর্যালোচনা করে দেখা গেছে, আটজন কাঁচি, দুজন ভ্যানিটি ব্যাগ, একজন আঙুর অথবা মৌমাছি ও অপরজন গ্যাসের চুলা প্রতীক চেয়েছেন।
১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে পাঁচজন নির্বাচনী মাঠে রয়েছেন। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর সুফিয়া বেগম, আইরিন পারভীন, কোহিনুর বেগম, অর্চনা অধিকারী ও রিনি বেগম। তাঁদের মধ্যে প্রথম চারজনই কাঁচি প্রতীক চেয়েছেন। আর একমাত্র প্রার্থী রিনি বেগম পছন্দের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন ‘গ্যাসের চুলা’।
৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে মাঠে আছেন চারজন। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর রাশিদা রহমান, হাজেরা পারভীন, সৈয়দা সামারাতুরদ্দৌর ও নাসিমা আক্তার। রাশিদা রহমান ও হাজেরা পারভীন কাঁচি প্রতীক চেয়ে আবেদন করেন। সৈয়দা সামারাতুরদ্দৌর প্রথম পছন্দ হিসেবে আঙুর প্রতীক চান। আঙুর না পেলে বিকল্প প্রতীক হিসেবে মৌমাছিও চেয়েছেন তিনি। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তিনজন প্রার্থীর মধ্যে দুজন কাঁচি প্রতীক চেয়েছেন। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর শেখ রোকেয়া পারভীন ডলি ও সাবিয়া সুলতানা।
রিটার্নিং কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলেন, নির্বাচনী নীতিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।