১২ মাঝি-মাল্লাকে পুড়িয়ে হত্যার অভিযোগ
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলে এফবি মাহি নামের একটি মাছধরা নৌকার ১২ মাঝি-মাল্লাকে জলদস্যুরা পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় মহেশখালী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। ওই নৌকার মালিক চকরিয়া উপজেলার শাহরিয়াপাড়ার বাসিন্দা আবুল খায়ের বাদী হয়ে ১০ জন জলদস্যুর বিরুদ্ধে এই মামলা করেন। এজাহারে বলা হয়েছে, ১৪ মাঝি-মাল্লা গত ২৫ মার্চ বিকেলে এফবি মাহি নৌকায় করে সাগরে যান। ওই দিন রাতে মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলের পশ্চিম পাশে মাছ ধরছিলেন তাঁরা। একপর্যায়ে জলদস্যুরা ওই নৌকায় হানা দেয়। এ সময় হাবিব উল্লাহ ও এস্তফিজুর রহমান নামের দুই জেলে ওই নৌকা থেকে সাগরে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান। কিন্তু ১২ মাঝি-মাল্লাকে নৌকাটির কেবিনে আটকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করে জলদস্যুরা।নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ বাদশাহ মাঝি (৪৫), সালাহ উদ্দিন (৩৪), হাফেজ আহমদ (৪৫), হাসান আলী (২৩), আবদুল মান্নান (৩৪), কামাল উদ্দিন (৩২), শাহ আলম (২৫), রেজাউল করিম (৩০), নেজাম উদ্দিন (২৮), ইফতিয়াজ আহমদ (২৯), সাহাব উদ্দিন (৩২) ও অন্য একজনের পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তিরা কুতুবদিয়া ও চকরিয়া উপজেলার বদরখালীর বাসিন্দা। গতকাল পর্যন্ত নিহত কোনো ব্যক্তির লাশের খোঁজ মেলেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল উদ্দিন জানান, মাঝি-মাল্লার লাশের সন্ধানে সাগরে তল্লাশি চলছে।