ব্যাংকিং খাতের আরেক আর্থিক কেলেঙ্কারি বিসমিল্লাহ গ্রুপের প্রায় এক হাজার ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১২ মামলায় ৫৪ জনকে আসামি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এই মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়।
১২টি মামলার মধ্যে জনতা ভবন করপোরেট শাখার জন্য দুটি মামলা, মগবাজার শাখার জন্য একটি ও এলিফ্যান্ট রোড শাখার জন্য আরেকটি মামলার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া প্রাইম ব্যাংকের জন্য দুটি, যমুনা ব্যাংকের জন্য তিনটি, প্রিমিয়ার ব্যাংকের জন্য দুটি ও শাহজালাল ইসলামী ব্যাংকের জন্য একটি মামলা অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত রোববার কমিশনে অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, বিসমিল্লাহ গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো মিলে মোট এক হাজার ১৭৪ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাত্ করেছে। এর মধ্যে ফান্ডেড দায় (স্বীকৃত বিলের বিপরীতে) ৯৯০ কোটি তিন লাখ টাকা এবং ননফান্ডেড অর্থের পরিমাণ ১৮৪ কোটি ৪৩ লাখ টাকা।
বিসমিল্লাহ গ্রুপ জনতা ব্যাংকের ভবন করপোরেট শাখা থেকে ফান্ডেড ৩০৭ কোটি ৩৮ লাখ টাকা ও ননফান্ডেড ২৫ কোটি ৫৩ লাখ টাকা, মগবাজার শাখা থেকে ১৭৭ কোটি ১০ লাখ ফান্ডেড ও ননফান্ডেড এক কোটি ৬০ লাখ টাকা এবং এলিফ্যান্ট রোড শাখা থেকে ফান্ডেড ১৫ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাত্ করেছে। এ ছাড়া প্রাইম ব্যাংক মতিঝিল শাখা থেকে ফান্ডেড ২৬৫ কোটি ৪০ লাখ ও ননফান্ডেড টাকা ৬১ কোটি আট লাখ, প্রিমিয়ার ব্যাংক মতিঝিল শাখা থেকে ফান্ডেড ২৩ কোটি ২২ লাখ ও ননফান্ডেড ৩৯ কোটি ৩১ লাখ টাকা, যমুনা ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখা থেকে ফান্ডেড ১০৮ কোটি ৪৪ লাখ ও ননফান্ডেড ৪৬ কোটি দুই লাখ টাকা এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ইস্কাটন শাখা থেকে ৯৩ কোটি ১৫ লাখ টাকা ফান্ডেড ও ১০ কোটি ৮৯ লাখ টাকা ননফান্ডেড হিসাবে অর্থ আত্মসাত্ করেছে।
১২টি মামলার সব কটিতেই বিসমিল্লাহ গ্রুপের পরিচালক খাজা সোলেমান চৌধুরীকে আসামি হচ্ছেন। অন্য মামলাগুলোতে রয়েছেন: খাজা সোলেমানের স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান নওরীন হাবিব, পরিচালক খাজা সোলেমানের পিতা সফিকুল আনোয়ার চৌধুরী ও মাতা সারোয়ার জাহান (পরিচালক)। সারোয়ার জাহান বিসমিল্লাহ গ্রুপের সহযোগী হিন্দল ওয়ালী টেক্সটাইলের পরিচালক। এ ছাড়া গ্রুপের মহাব্যবস্থাপক (হিসাব) আবুল হোসেন চৌধুরী এবং তিন পরিচালক আবিদা হাসিব, নাহিদ আনোয়ার খান, খন্দকার মো. মইনুদ্দিন আশরাফ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবকর আজিজ মুতাক্কি, মহাব্যবস্থাপক (জিএম) আবুল হোসাইন চৌধুরী, ব্যবস্থাপক রিয়াজউদ্দিন আহম্মেদের নাম রয়েছে। আসামি তালিকায় আরও রয়েছেন নেটওয়ার্ক ফ্রেইট সিস্টেমের চেয়ারম্যান মো. আক্তার হোসেন, টি ডব্লিউ এক্সপ্রেসের মালিক মো. মঈন উদ্দিন এবং বে ইয়ার্ন লিমিটেডের মালিক গোলাম মহিউদ্দিন আহম্মেদ। এঁদের মধ্যে খাজা সোলেমান ও তাঁর স্ত্রী নওরীন হাবিব দুবাইয়ে, আবুল হোসেন মালয়েশিয়ায় ও মঈন উদ্দিন জার্মানিতে রয়েছেন। আর বাকি ৪১ জন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা।
মামলার জন্য যেসব ব্যাংক কর্মকর্তার নাম আসামির তালিকায় রয়েছে তাঁরা হলেন: প্রাইম ব্যাংকের মো. মোজাম্মেল হোসেন, খোন্দকার ইকবাল হোসেন, ইব্রাহিম হোসেন গাজী, এ বি এম শাহজাহান, কাজী খাইরুল ইসলাম, ইকবাল আজিম কাদরী, মো. আবুল কালাম, এ কে এম জান-ই আলম, মো. ইয়াছিন আলী, শাহীনুর রহমান, জি এম শাহাদত্ হোসেন, এম এ রহীম, শাহাবুদ্দিন সরদার, তানজিবুল আলম, আবু সালেহ মো. আরিফুর রহমান ও তাবাসসুম।
যমুনা ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে আসামির তালিকায় আছেন: রফিকুল হাসান, মোর্শেদুর রহমান, এস এম জাহিদুল ইসলাম, এ এস এম মাশুক ও মোজাম্মেল হোসেন। শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তারা হচ্ছেন মো. আসলামুল হক, এ এস এম হাসানুল কবীর, শহীদুল ইসলাম, মান্নাতুল মাওলা, গোলাম ওয়াহাব, মুনির হোসেন, দুলাল হোসেন ও আনিসুল কবির।
জনতা ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে আসামিরা হচ্ছেন: আবদুস সালাম আজাদ, আজমুল হক, এস এম আবু হেনা মোস্তফা কামাল, অজয় কুমার ঘোষ, ফায়েজুর রহমান ভুঁইয়া, জেসমিন আক্তার, সৈয়দ জয়নাল আবেদীন, রফিকুল আলম, খন্দকার মোশাররফ হোসেন, আতিকুর রহমান, মোস্তাক আহমদ খান এবং এস এম শোয়েব-উল-কবীর।