১২ মার্চ খালেদা জিয়ার দুই আবেদনের শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালত পরিবর্তন ও গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি আবেদনের শুনানির জন্য ১২ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা দুটি দুর্নীতির মামলার বিচার চলছে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে। দুই মাস ধরে গুলশানের কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়া কয়েকটি ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি এই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৩ মার্চ এই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তন ও গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়ে হাইকোর্টে দুটি আবেদন করেন খালেদা জিয়া। গতকাল আবেদন দুটি শুনানির জন্য কার্যতালিকায় আসে।
হাইকোর্টে রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবী দুটি যুক্তি তুলে ধরেন। তাঁরা বলেন, দুদক আইনের মামলা শুনানির জন্য হাইকোর্টে একটি পৃথক বেঞ্চ আছে। ওই বেঞ্চে খালেদা জিয়ার এ আবেদন দুটির শুনানি হওয়া উচিত। পরোয়ানা জারির পর থেকে খালেদা জিয়া আইনের দৃষ্টিতে ‘পলাতক’। ‘পলাতক’ ব্যক্তি আইনগত প্রতিকার চেয়ে আবেদন করতে পারেন না।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন।