১২ মার্চ ঢাকায় চার দলের কর্মসূচিতে সরকার বাধা দিলে তাৎক্ষণিকভাবে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।গতকাল বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে চারদলীয় ঐক্যজোটের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। জোটের শীর্ষপর্যায়ের এক নেতা জানান, কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা গেলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে সরকারকে সময় বেঁধে দেওয়া হতে পারে। আর যদি কর্মসূচিতে সরকার বাধা দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে হরতাল, অবরোধ, ঘেরাও বা অবস্থান কর্মসূচির বিষয় বিবেচনায় রাখা হয়েছে। এর সম্ভাব্য কৌশল সম্পর্কে বৈঠকে শরীকেরা কিছু প্রস্তাবও দিয়েছে। এ ছাড়া বৈঠকে জোট সম্প্রসারণের লক্ষ্যে একটি খসড়া ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। ইসলামিক ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, জোটের শরিক হতে ইচ্ছুক সমমনা দলের শীর্ষ নেতারা ১১ মার্চ ঘোষণা পড়ে তাতে সই করতে পারেন। খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠকে জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিসের নেতারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান প্রথম আলোকে বলেন, ‘১২ মার্চের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করার বিষয়ে আলোচনা হয়েছে। জোটের ঘোষণাপত্র নিয়েই আমরা আলাপ করেছি।’