১২ মার্চ বিরোধী দলকে কর্মসূচি পালন করতে দিন: বি চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলকে ১২ মার্চের কর্মসূচি পালন করতে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।গতকাল শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এই আহ্বান জানান। বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘১২ মার্চ বিরোধী দলকে মহাসমাবেশ কর্মসূচি পালন করতে দিতে হবে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। আর গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব মূলত সরকারের।’ তিনি বলেন, ‘বিরোধী দলের এ কর্মসূচির বিরুদ্ধে অনেক হুমকি-ধমকি দেখছি, হোটেল বন্ধ করে দেওয়া হচ্ছে। অপরিচিত লোক দেখলেই গ্রেপ্তারের কথা বলেছেন একজন মন্ত্রী। এমন অসভ্য, অরাজনৈতিক বক্তব্য দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না।’‘উল্টাপাল্টা হলে খবর আছে’ প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘এমন বক্তব্য যথেষ্ট হাসির খোরাক জোগায়। অবশ্য ল্যাংড়া-লুলা করে দেওয়াও খারাপ বক্তব্য। “খবর আছে” এর চেয়ে উন্নত নয়।’মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলন হলে তাতে বিকল্পধারা সবার আগে থাকবে বলে ঘোষণা দিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি। বিকল্পধারা মধ্যবর্তী নির্বাচন দাবি করছে কি না—এ প্রশ্নের জবাবে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘এখনই করছি না। তবে সরকার যদি এভাবে চলতে থাকে, তাহলে শিগগিরই আমরা এর প্রথম দাবিদার হব।’