১২ মার্চ হাসিনার বিদায়ের ঘণ্টা বাজানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ১২ মার্চের সমাবেশে কেউ জনতার স্রোত ঠেকিয়ে রাখতে পারবে না। ওই দিন শেখ হাসিনার বিদায়ের ঘণ্টা বাজানো হবে। ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে ডবলমুড়িং থানা বিএনপি আয়োজিত এক সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। গতকাল মঙ্গলবার নগরের দেওয়ানহাট মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়।সমাবেশে খসরু বলেন, জনগণ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন তিনি সম্মানের সঙ্গে বিদায় নেবেন, নাকি গণ-অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে বিদায় করতে হবে, সে সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে। সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, এম এ আজিজ, কাজী বেলাল, কাউন্সিলর মনোয়ারা বেগম ও সেকান্দর হোসেন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে বের করা মিছিলটি দেওয়ানহাট থেকে কদমতলী হয়ে মাদারবাড়ি গিয়ে শেষ হয়।এদিকে খুলশী থানা বিএনপির উদ্যোগে লালখান বাজারের ইস্পাহানি মোড়ে আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়। এতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর আগে দুপুরে তিনি আমীর খসরু অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) উদ্যোগে ওয়াসা মোড়, দামপাড়াসহ বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করেন। ঢাকা চলো কর্মসূচিতে যোগ দিতে পথচারীদের উদ্বুদ্ধ করার অংশ হিসেবে এই প্রচারপত্র বিলি করা হয়। এ সময় অ্যাবের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কে এম সুফিয়ান, সাধারণ সম্পাদক সেলিম মোহাম্মদ জানে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।