১২ মার্চের কর্মসূচিতে বাধা দিলে এক দফার আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১২ মার্চের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে করতে না দিলে এক দফার আন্দোলন শুরু হবে। সমাবেশে বাধা দিলে সব দায়দায়িত্ব সরকারের।’ গতকাল বুধবার বিকেলে রাজধানীর ভাসানী মিলনায়তনে ১২ মার্চের মহাসমাবেশ সফল করতে মহানগর বিএনপির ধারাবাহিক প্রস্তুতি সভার অংশ হিসেবে শাহবাগ থানা বিএনপির কর্মিসভায় মির্জা ফখরুল এ কথা বলেন। বিরোধী দলের সমাবেশ করতে যদি ভালো জায়গা না দেওয়া হয়, তাহলে সরকারের অনুমতির জন্য আর অপেক্ষা করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে সত্য কথা আশা করি। কিন্তু তিনি সমানে মিথ্যাচার করছেন। এমনভাবে কথা বলছেন, যাতে সাধারণ মানুষও বিরক্ত হচ্ছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একটি কথা বারবার বলছেন যে বিডিআর বিদ্রোহের দিন নাকি আমাদের নেত্রী বাসা থেকে পালিয়ে গিয়েছিলেন। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেদিন হত্যা করা হয়েছিল, সেদিন আখাউড়া বর্ডার থেকে ভারতে পালানোর সময় আপনি বিডিআরের হাতে ধরা পড়েছিলেন।’শাহবাগ থানা বিএনপির সভাপতি আবুল আহসান তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির মওদুদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ। সমালোচনা মৌলিক অধিকার: সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা ৩০টি সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা নিয়ে সব বলেছেন প্রধানমন্ত্রী। আর বিএনপির নেত্রী যখন দু-একটা কথা বললেন, তখনই আদালত রুল জারি করলেন। তিনি বলেন, ‘বাক্স্বাধীনতা মানুষের অধিকার। বাক্স্বাধীনতার ওপর রুল জারির সীমানা আদালতের কতটুকু আছে, তা আমি জানি না।’সাংবাদিক দম্পতি হত্যায় সরকার জড়িত বলে সোমবার লালমনিরহাটে জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছিলেন। পরদিন এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারির সময় হাইকোর্ট বিরোধীদলীয় নেত্রীর এ বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেন। এরই পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমাদের নেতা খুন হয়েছেন, সাংবাদিক খুন হয়েছেন। অথচ এর সমালোচনা করলে নাকি দায়িত্বজ্ঞানহীনতা হয়ে যাবে। সমালোচনা করতে পারব না, এটা কেমন কথা? আমি ১০০ বার বলব, আমি সমালোচনা করব। এটি আমার মৌলিক অধিকার।’