১২ মাস পানিতে ডোবা এক সড়ক

দক্ষিণখান ইউনিয়নের নগরিয়াবাড়ি এলাকার একটি সড়ক এক বছর ধরে ডুবে আছে নালার ময়লা পানিতে। এতে সীমাহীন ভোগান্তি নিয়ে এলাকাবাসী ওই সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বলেন, এক বছর ধরে নগরিয়াবাড়ি সড়কের ৩০০ মিটারের মতো অংশে নালার ময়লা পানি জমে আছে। চালাবন, মৌশাইর, চৈতি গার্মেন্ট এলাকার লোকজনের দক্ষিণখান ইউনিয়ন পরিষদ, দক্ষিণখান থানা ও বাজারে চলাচলের প্রধান পথ এই সড়কটি।
স্থানীয় লোকজন জানান, ছয় মাস আগে সড়কের পাশে পানি নিষ্কাশনের নালা নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু কাজ অর্ধেক হওয়ার পর অজ্ঞাত কারণে সেটি বন্ধ হয়ে যায়।
এলাকাবাসী বলেন, বর্জ্যমিশ্রিত পানি দিয়ে চলাচল করতে গিয়ে স্কুলগামী শিক্ষার্থী, নারী, বয়োজ্যেষ্ঠ ও শিশুদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া সড়ক দিয়ে সব ধরনের যান চলাচলও বন্ধ। এতে ভোগান্তি আরও বেড়েছে।
গত শনিবার দেখা গেছে, সড়কের চালাবন মাটির মসজিদের সামনে থেকে নগরিয়াবাড়ি কার্টন ফ্যাক্টরি পর্যন্ত অংশে কুচকুচে কালো পানি জমে আছে। পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। রাস্তার এক পাশে বালুভর্তি বস্তা ফেলে রাখা। তার ওপর দিয়ে কোনোমতে চলাচল করছে এলাকাবাসী। অন্য পাশে অর্ধনির্মিত নালার দুই পাড়ে পা দিয়ে কোনোরকমে হাঁটছেন অনেকে। এ ছাড়া চলাচলের জন্য সড়কের এক পাশে কাঠ-বাঁশ দিয়ে সাঁকোর মতো করে তৈরি করা হয়েছে।
নগরিয়াবাড়ি ব্র্যাক স্কুলের শিক্ষার্থী শান্ত বলল, এই রাস্তায় সব সময় পানি থাকে। ময়লা পানি দিয়েই তাদের স্কুলে যেতে হয়। দীর্ঘদিন বর্জ্যমিশ্রিত পানি জমে থাকার কারণে রাস্তাটি দিয়ে রিকশা, ব্যাটারিচালিত রিকশা কিছুই চলে না। এলাকার লোকজন বলেন, সড়কের ওই অংশে পানি না থাকলে হেঁটে যেতে বড়জোর পাঁচ মিনিট লাগত। কিন্তু পানির কারণে হাঁটতে না পেরে অনেকে রিকশায় ঘুরপথে গন্তব্যে যাচ্ছে। এ জন্য অন্তত ২০ টাকা রিকশা ভাড়া গুনতে হচ্ছে।
চালাবন দ্য ঢাকা স্কুলের এক অভিভাবক বলেন, অনেক দিন ধরেই রাস্তার এই দশা। তাই ছেলেকে নিয়ে ঘুরপথে স্কুলে আসতে হয়। আগে হেঁটে চলে আসা যেত। কিন্তু এক বছর ধরে রাস্তায় পানি। রিকশাও এখন চলে না।
চালাবনের বাসিন্দা মো. নাজমুল হাসান বলেন, ‘নিরুপায় হয়ে আমরা দীর্ঘদিন এমন রাস্তা দিয়ে চলাচল করছি। রাস্তাটি এমন বেহাল। অথচ এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই।’
দক্ষিণখান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহসীন বলেন, এই রাস্তা দিয়ে চলাচল না করলে এলাকাবাসীর কষ্ট কখনো বোঝা যাবে না।
দক্ষিণখান ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তারাজউদ্দিন বলেন, ইউনিয়নটি সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হওয়ার পর এলজিইডি সব উন্নয়নকাজ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ইউনিয়ন পরিষদের তহবিল থেকে বড় কোনো উন্নয়নকাজ করা সম্ভব নয়। সিটি করপোরেশনের কার্যক্রম শুরু হলে সড়কের কাজ হবে। এর আগে সড়ক সংস্কার করা সম্ভব নয়।