বগুড়ার ধুনট উপজেলায় তিন ব্যক্তির খুনের মামলায় নিম্ন আদালতে সাজা পাওয়া ১৬ ব্যক্তিকে খালাস দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, সেটিকে আজ সোমবার স্থাগিত করেছেন সুপ্রিম কোর্টের এক বিচারপতি।
সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করেন।
ধুনট উপজেলার বড় চাপড়া গ্রামে আবদুল বাকী ও তার দুই ছেলে হত্যার মামলায় নিম্ন আদালত ১২ জনকে মৃত্যুদণ্ড ও চারজনকে কারাদণ্ড দিয়েছিলেন। পরে আসামিপক্ষের আপিলের রায়ে হাইকোর্ট আসামিদের মুক্তির নির্দেশ দেন।
মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথ রেফারেন্স) এবং আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষে গত ২১ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। এর স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ ৪ আগস্ট আবেদন করে। গতকাল আবেদনের ওপর শুনানি হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী ও অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড হরিদাস পাল।
পরে আমিনুর রহমান চৌধুরী ‘প্রথম আলো ডটকম’কে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জন ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চারজনসহ ১৬ আসামিকে হাইকোর্ট খালাস দিয়েছিলেন। চেম্বার বিচারপতি এই রায়ের কার্যকারিতা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন।
আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলাম শাহীন প্রথম আলোকে বলেন, ১৬ জনকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
এর আগে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামি হলেন আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, খত জামাল, ফারাইজুল, নিপুন, গণি, বাছেদ, লাল মিয়া, অফফার আলী, শফিকুল ইসলাম, আশরাফ আলী মালেক ও বাচ্চু। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চারজন হলেন জাহেদুল, ওয়াজেদুল, সফের ও মহসীন।
আদালত সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতে খুন হন বগুড়ার ধুনট উপজেলার বড়চাপড়া গ্রামের আবদুল বাকী এবং তাঁর দুই ছেলে ইয়াছিন ও আব্দুল আজিজ। আবদুল বাকীর ভাই আবদুল কাফী ওইদিন বাদী হয়ে ১৯ জনকে আসামি করে ধুনট থানায় মামলা করেন।
ওই মামলার তদন্ত শেষে ২০০৫ সালের ৩০ সেপ্টেম্বর ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৭ সালের ৬ নভেম্বর রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেন। রায়ে ১২ জনকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেওয়া হয়। অন্য আসামিদের খালাস দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ২০০৭ সালে আসামিরা আপিল ও জেল আপিল করেন। নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। এর ওপর দীর্ঘ শুনানি নিয়ে ২১ জুলাই হাইকোর্ট ডেথ রেফারেন্স খারিজ ও আপিল মঞ্জুর করে রায় দেন।