সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারের দাবিতে আগামী ১২ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে দিনব্যাপী অনশন শেষে আন্দোলনের এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী। বেলা ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অনশন করেন। বিকেলে জুস পান করিয়ে অনশন ভাঙান সাগর সরওয়ারের মা সালেহা মনির।
অনশনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডিইউজের দুই অংশের সভাপতি আলতাফ মাহমুদ ও আবদুল হাই সিকদার, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ও জাহাঙ্গীর আলম প্রধান, ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতা ও গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।