১২ রাস্তায় দুর্ভোগের ষোলোকলা

সড়কগুলো ভাঙাচোরা। প্রচণ্ড ঝাঁকুনির কারণে রিকশা-অটোরিকশায় স্থির বসে থাকা যায় না। ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায়। হাঁটতে গেলে কখনো কখনো হোঁচট খেতে হয়, পা মচকে যায়। প্রচুর ধুলাবালু ওড়ে। বৃষ্টি হলে পানিতে ডুবে থাকে।
এলাকার ১২ সড়ক নিয়ে এমন অভিযোগ দক্ষিণখানের বাসিন্দাদের। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দক্ষিণখানের প্রধান রাস্তা শহীদ লতিফ সড়ক, ফায়দাবাদ প্রাথমিক বিদ্যালয়-চৌয়ারিটেক সড়ক, মজিবর মার্কেট-সিএনজি পাম্প সড়ক, মিজানের গ্যারেজ-গণকবরস্থান সড়ক, মৌশাইর সড়ক, চালাবন মাটির মসজিদ সড়ক, মোল্লারটেক উদয়ন স্কুল রোড, হাজি মো. কাশেম মোল্লা সড়ক, মিয়া বক্স রোড, করম আলী সড়ক, গাওয়াইর মাদ্রাসা সড়ক ও মুক্তিযোদ্ধা সড়ক বেহাল।
দেখা যায়, সড়কগুলোতে কার্পেটিংয়ের চিহ্নমাত্র নেই। অনেক সড়কের পাশে নেই পানিনিষ্কাশনের নালা। যেসব সড়কে আছে, সেগুলোও আবর্জনা জমে বন্ধ হয়ে আছে। ইটের ছোট-বড় টুকরো উঁচু-নিচু হয়ে আছে।
দেখা গেছে, প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ শহীদ লতিফ সড়কের প্রায় পুরোটাই ভাঙাচোরা। কোথাও কার্পেটিংয়ের অস্তিত্ব নেই। জায়গায় জায়গায় আবর্জনা জমে প্রায় বন্ধ হয়ে গেছে রাস্তার দুই পাশের পানিনিষ্কাশনের নালা।

স্থানীয় বাসিন্দারা বলেন, নালা বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টি হলে পানি সরতে পারে না। এ কারণে রোদে না শুকানো পর্যন্ত সড়কে পানি জমে থাকে। কখনো কখনো প্রায় দুই সপ্তাহ সময় লেগে যায়। জলাবদ্ধতার কারণে সড়কটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
দেখা যায়, চৌয়ারিটেক থেকে ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ। স্থানীয় লোকজন বলেন, রিকশাচালকেরা বেহাল সড়কটিতে যেতে রাজি হন না। কোনো চালক রাজি হলেও বেশি টাকা দাবি করেন। পানিনিষ্কাশনের নালা না থাকায় অল্প বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। কোনো কোনো জায়গায় কোমরপানিও ছাড়িয়ে যায়।
ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম বলেন, বৃষ্টি হলে শিক্ষার্থীরা স্কুলে আসতে পারে না।
স্থানীয় লোকজন বলেন, ২০১১ সালের দিকে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল। কিন্তু কিছু কাজ হওয়ার পর অজানা কারণে বন্ধ হয়ে যায়।
আওয়ামী লীগের স্থানীয় নেতা ও দক্ষিণখান ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালিব মিয়া বলেন, ‘সামনে সিটি করপোরেশনের কাউন্সিলর পদে নির্বাচন হবে। নির্বাচনে মানুষের কাছে কীভাবে ভোট চাইব, এ নিয়ে চিন্তায় আছি।’

মজিবর মার্কেট থেকে সিএনজি পাম্প পর্যন্ত রাস্তার দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। এই সড়কের জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে বড় গর্ত। পানি জমে আছে সেখানে।
গত রোববার দেখা যায়, চালাবন মাটির মসজিদ সড়ক আরও বেহাল। রাস্তার পাশের পানিনিষ্কাশনের নালা ময়লা জমে বন্ধ হয়ে আছে। এতে বর্জ্যের পানিতে সয়লাব হয়ে আছে পুরো সড়ক। এরই মধ্যে চলছে নালা সংস্কারের কাজ। এতে পুরো রাস্তা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উদয়ন স্কুল রোড সরদারপাড়া থেকে মোল্লারটেক উদয়ন উচ্চবিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তা। কিন্তু রাস্তা খারাপ থাকায় এই পথে রিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করে না।
ফায়দাবাদ মূল সড়ক থেকে চালাবন চৈতি গার্মেন্ট এলাকায় যাওয়ার প্রধান রাস্তা মিজানের গ্যারেজ-গণকবরস্থান সড়ক। সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন জায়গা কাদায় থিকথিক করছে।
এ ছাড়া দক্ষিণখানের মৌশাইর সড়ক, হাজি মো. কাশেম মোল্লা সড়ক, মিয়া বক্স রোড, করম আলী সড়ক, গাওয়াইর মাদ্রাসা সড়ক, মুক্তিযোদ্ধা সড়কও বেহাল।

মৌশাইর সড়কের সবচেয়ে বেশি খারাপ অবস্থা ধীরেন সরকারের বাড়ি থেকে বায়তুল মোয়াজ্জম জামে মসজিদ পর্যন্ত অংশ। হাজি মো. কাশেম মোল্লা সড়ক নালা থেকে অপেক্ষাকৃত নিচু। এতে নালার পানি উপচে পড়ে সড়কে।
সম্প্রতি দক্ষিণখান ইউনিয়ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে যুক্ত হয়েছে।
দক্ষিণখানের সড়ক সংস্কারে ডিএনসিসির পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সংস্থার সিভিল সার্কেল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরীফ উদ্দীন প্রথম আলোকে বলেন, সিটিতে যুক্ত নতুন এলাকার জন্য ৩ হাজার ২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, রাজউক, ওয়াসা, স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তাব তৈরি করা হয়েছে।