১২ রুটে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি-বরিশালসহ ১২টি রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা এবং ব্যাটারিচালিত অটোবাইক-চালকদের পাল্টাপাল্টি হামলার ঘটনার পর গতকাল শুক্রবার দুপুর থেকেই এ ধর্মঘট ডাকা হয়।
প্রত্যক্ষদর্শী ও বাসশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই বছর ধরে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে অটোবাইক চলাচল নিষিদ্ধ করেছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এ সিদ্ধান্ত উপেক্ষা করে মাঝেমধ্যে কিছু অটোবাইক যাত্রী নিয়ে ঝালকাঠি থেকে বরিশাল যায়। এরপর অটোবাইক চলাচল নিয়ন্ত্রণে ঝালকাঠির পেট্রলপাম্প মোড়ে তল্লাশিচৌকি বসানো হয়। গতকাল দুপুরে একটি অটোবাইক ঝালকাঠি থেকে থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হয়। পেট্রলপাম্প মোড়ে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা অটোবাইকটিকে থামতে বলেন। কিন্তু না থামায় বাসশ্রমিকেরা ধাওয়া করে অটোবাইকটিকে ভাঙচুর এবং এর চালককে মারধর করেন। খবর পেয়ে অটোবাইকচালকেরা বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এরপর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা পেট্রলপাম্প মোড় অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। এ সময় মলিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ঝালকাঠি-বরিশালসহ অভ্যন্তরীণ ১২টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।