১২ লাইটার জাহাজকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১২টি পণ্যবাহী লাইটার জাহাজকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া দুইটা পর্যন্ত বন্দর জেটি থেকে মোহনা পর্যন্ত কর্ণফুলী নদীতে এ অভিযান চালানো হয়।
বন্দরের পাইলট বোটে চড়ে এ অভিযান পরিচালনা করেন বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম। তিনি প্রথম আলোকে বলেন, অতিরিক্ত পণ্য বোঝাই করা, নৌপথে প্রতিবন্ধকতা তৈরি, মাস্টার ছাড়াই জাহাজ চালানোসহ নানা অপরাধে এই জরিমানা করা হয়।
বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তর করে এসব লাইটার জাহাজে বোঝাই করা হয়। এরপর পণ্যবাহী লাইটার জাহাজগুলো কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটসহ দেশের নানা স্থানে নদীপথে পণ্য পরিবহন করে।