১২ লাখ টাকা ছিনতাই
পুরান ঢাকার তাঁতীবাজার ও হোসেনি দালান এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে দেড় ঘণ্টার ব্যবধানে গুলি ও ছুরিকাঘাত করে তিনজনের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ওই তিনজন হলেন দোকান কর্মচারী রাজীব হোসেন (২৪), সুমন চন্দ্র দাস (৩৫) ও শফিকুল ইসলাম (২৮)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজীব ও সুমন বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের একটি জুয়েলার্সের কর্মচারী এবং শফিকুল নিমতলীর একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সোনা কিনে গয়না বানাতে দেওয়ার জন্য জুয়েলার্সের কর্মচারী রাজীব ও সুমন হাতব্যাগে ১০ লাখ টাকা নিয়ে বেলা দেড়টার দিকে রিকশায় করে তাঁতীবাজার মোড়ে যান। সেখান থেকে হেঁটে তাঁতীবাজারে সোনার দোকানে যাওয়ার পথে পাঁচজন ছিনতাইকারী তাঁদের পথ রোধ করে। ছিনতাইকারীরা একপর্যায়ে তাঁদের দুজনের নিতম্বে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ওই ঘটনার দেড় ঘণ্টা আগে দুপুর ১২টার দিকে হোসেনি দালানের কাছে ছিনতাইকারীরা দোকান কর্মচারী শফিকুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে দুই লাখ ছিনিয়ে নেয়। শফিকুল নিমতলীর এজেড এন্টারপ্রাইজের কর্মচারী।