১২ লাখ টাকা তুলে নিয়ে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শাখা থেকে গত রোববার একটি চক্র জালিয়াতির মাধ্যমে ১২ লাখ টাকা উত্তোলন করে উধাও হয়ে গেছে। ব্যাংকের একটি সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের ওই শাখার গ্রাহক উপজেলার কণিকাড়া গ্রামের বাসিন্দা এমরান মিয়ার সাতটি চেকের মাধ্যমে ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে প্রতারক চক্রটি ১২ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যায়। সাতটি চেকের পাঁচটিতে দুই লাখ এবং দুটিতে এক লাখ করে মোট ১২ লাখ টাকা উত্তোলন করা হয়। ব্যাংকের ক্যাশ কর্মকর্তা মোমিনুল হক বলেন, ‘বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও সর্বশেষ কম্পিউটারে পোস্টিং হয়ে পোস্টেড সিলসহ চেক ক্যাশ কাউন্টারে আসার পর আমরা টাকা দিই। কিন্তু যেই সাতটি চেকের মাধ্যমে ১২ লাখ টাকা দেওয়া হয়েছে, সেই চেকগুলোতে ব্যাংকের টোকেন সিল, পোস্টেড সিল ও কর্মকর্তাদের স্বাক্ষর জাল ছিল। কিন্তু সেটা আমরা বুঝতে পারিনি।’এ ঘটনায় এমরান মিয়া (২৬) ও সগীর মিয়া (২৪) নামের দুই ব্যক্তিকে ব্যাংকে ডেকে আনা হয়। ব্যাংকের ব্যবস্থাপক আবদুর রউফ বলেন, ‘যে চেকগুলোর মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে, সেই চেকগুলোর একটিও ব্যাংকের কোনো কর্মকর্তার কাছে আনা হয়নি। চক্রটি বাইরে থেকে প্রতিটি চেকে ব্যাংকের নকল টোকেন সিল, পোস্টেড সিল ও কর্মকর্তাদের জাল স্বাক্ষর ব্যবহার করে সরাসরি ক্যাশ কাউন্টার থেকে ১২ লাখ টাকা উঠিয়ে নিয়ে যায়।’ তিনি বলেন, ‘যে গ্রাহকের চেক দিয়ে টাকা উত্তোলন করা হয়েছে, সেই গ্রাহক ও তাঁর এক সহযোগীকে ব্যাংকে ডেকে আনা হয়। ঘটনার সঙ্গে তাঁদের যোগসাজশ রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।’ গ্রাহক এমরান মিয়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার যে চেকবইয়ের মাধ্যমে টাকা তোলা হয়েছে, সেই চেকবইটি কয়েক দিন আগে মনির নামের এক ব্যক্তি আমার কাছ থেকে নিয়ে যায়। পরে তিনি আমাকে ফোনে জানান, তিনি চেকবইটি হারিয়ে ফেলেছেন।’ ব্যাংকের একাধিক গ্রাহক বলেন, যদি ক্যাশ কর্মকর্তার কাছে কম্পিউটারের মাধ্যমে গ্রাহকের স্বাক্ষর মিলিয়ে টাকা দেওয়ার ব্যবস্থা থাকত, তাহলে এই জালিয়াতির ঘটনা ঘটত না। খবর পেয়ে রোববার গভীর রাতে ব্যাংকে আসেন অগ্রণী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. তারিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, পুরো বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এ ঘটনায় ব্যাংকে ডেকে আনা দুই ব্যক্তিকে ব্যাংকের বড় বড় গ্রাহকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।