কিশোরগঞ্জের হাওরের ইটনা, নিকলী, অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায় ১২ লাখ মানুষের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র ১৭ জন। তা-ও তাঁদের নিয়মিত পাওয়া যায় না বলে রোগীরা অভিযোগ করেছেন। চারটি স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫ জন চিকিৎসক থাকার কথা।হাওরপাড়ের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ অসুখ-বিসুখ, দুর্ঘটনা বা মারামারির ঘটনায় আহত হলে শুধু চিকিৎসকের অভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না হয়ে জেলা সদর বা অন্যত্র চিকিৎসা নিতে হয় তাদের। জেলা সদর থেকে ইটনা ও অষ্টগ্রামের দূরত্ব ৩৫ কিলোমিটার, মিঠামইনের ৩০ ও নিকলীর দূরত্ব ১৮ কিলোমিটার। এই চার উপজেলা থেকে প্রথমে নৌকায় করে, পরে সড়কপথে জেলা সদরে আসতে হয়।হাওরপাড়ের চিকিৎসাসেবার এই দশার কথা শোনে বিস্ময় প্রকাশ করেন কিশোরগঞ্জ টিআইবির সচেতন নাগরিক কমিটির স্বাস্থ্যবিষয়ক কমিটির আহ্বায়ক এম এ কাইয়ূম। তিনি বলেন, এ থেকেই বোঝা যায়, কিশোরগঞ্জের হাওরে কার্যত সরকারি চিকিৎসাসেবা বলতে কিছু নেই। ফলে হাওরের বিশাল জনগোষ্ঠী সুষ্ঠু চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।কিশোরগঞ্জের জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান বলেন, হাওরের দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে প্রথমেই চিকিৎসকদের হাওরে পাঠানোর ব্যবস্থা করতে হবে।সিভিল সার্জন কার্যালয় সূত্র আরও জানায়, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন পাঁচজন। ইটনায় ১৮ জনের মধ্যে আছেন পাঁচজন, নিকলীতে ১৬ জনের বিপরীতে চারজন এবং মিঠামইনে ১৫ জনের বিপরীতে মাত্র তিনজন চিকিৎসক আছেন।গত রোববার বেলা পউনে ১২টায় সরেজমিনে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে, পাঁচজন চিকিৎসকের স্থলে আছেন দুজন। বহির্বিভাগে দেড় শতাধিক রোগীকে এই দুজন চিকিৎসা দিচ্ছেন। ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ভর্তি আছেন ১৯ জন রোগী। এর মধ্যে নারী ওয়ার্ডে আছেন আটজন।একই কথা বললেন ধনপুর গ্রামের রোগী আসমা বেগম। তিনি শুক্রবারে পেটের ব্যথা নিয়ে এখানে ভর্তি হন। একবার চিকিৎসক এসে দেখে গেছেন। তিনজন চিকিৎসক অনুপস্থিত থাকা প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, রোববারে এ অবস্থাই থাকে। চিকিৎসকেরা পালা করে সপ্তাহের একেক দিন একেকজন উপস্থিত থাকেন।ইটনার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, হাসপাতালে চিকিৎসক সংকট প্রধান সমস্যা। চিকিৎসক না থাকার কারণে সার্বিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জানান, শুধু চিকিৎসক সংকটের কারণে এখানে সুষ্ঠু চিকিৎসাসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এখানেও চিকিৎসকেরা সপ্তাহে পালা করে দায়িত্ব পালন করেন বলে জানান ওই ব্যবসায়ী। কিশোরগঞ্জের সিভিল সার্জন হোসাইন সারোয়ার খান জানান, হাওরের চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নেই। হাওরবাসী চিকিৎসা পাচ্ছে না। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন।