১৯৭৬ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার পর থেকে আর্থসামাজিক, অবকাঠামো ও শিক্ষাসহ বিভিন্ন খাতে ৪ হাজার ৮১৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব প্রকল্পে ১ হাজার ২০০ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে।
গতকাল রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটি প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলনকক্ষে প্রতিষ্ঠানটির ৪০তম বর্ষপূর্তি পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ‘উন্নয়নের চার দশক’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) মো. নুরুল আলম, পরিকল্পনা কর্মকর্তা প্রীতি কান্তি ত্রিপুরা, ইউনিসেফ সাহায্যপুষ্ট সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপপরিচালক মো. জান-ই-আলম, কমলা ও মিশ্রফল বাগান প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ।