১২ শতাংশ খুমী আদিবাসীর ভূমির মালিকানা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ৪২ শতাংশ বাঙালি ও ৩০ শতাংশ আদিবাসীর নিবন্ধিত ভূমি মালিকানা রয়েছে। আর মাত্র ১২ শতাংশ খুমী আদিবাসীর প্রথাগত ব্যবস্থাপনায় (সরকারিভাবে নিবন্ধিত নয়) ভূমির মালিকানা রয়েছে। প্রথাগত ব্যবস্থাপনায় পরিচালিত সম্পদ ছাড়া খুমী আদিবাসীদের কোনো সম্পদ নেই। ‘খুমী আদিবাসী জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা’ শীর্ষক এক গবেষণাপত্রে খুমী আদিবাসীদের সম্পদের এ চিত্র তুলে ধরা হয়েছে। বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে গত বুধবার এক অনুষ্ঠানে এই গবেষণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেলের প্রধান দেবাশীষ রায়। আলোচনা করেন, বোমাং রাজার প্রতিনিধি চহ্লাপ্রম্ন জিমি, সিয়ং খুমী, নয়লো খুমী, লেলুং খুমী, দেন্দোহা জলাই, খুমী ভাষা গবেষক ডেভিড পিটারসন প্রমুখ। গবেষণায় সাদেকা হালিম খুমীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষ্টি-সংস্কৃতিসহ আর্থসামাজিক চিত্র তুলে ধরেছেন। এতে তিনি বলেছেন, খুমীরা দেশের প্রান্তিক আদিবাসীদের মধ্যেও প্রান্তিক একটি জনগোষ্ঠী। শুধু জুমচাষের ওপর নির্ভরশীল ছোট ছোট ৩৭ পাড়ায় বসবাসকারী মাত্র দুই হাজার ৭২ জন খুমী আদিবাসীর সবাই হতদরিদ্র। প্রথাগত আইনে ব্যবহূত বা ভোগদখলীয় সম্পদ ছাড়া রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদের কোনো সম্পদ নেই। একটি খুমী পরিবারের গড় মাসিক আয় এক হাজার ৮০১ টাকা।অনুষ্ঠানে প্রধান অতিথি দেবাশীষ রায় বলেন, খুমীরা যেন স্বপ্ন দেখতে পারে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে তেমন নিরাপদ পরিবেশ ও সুযোগ আমাদের তৈরি করে দিতে হবে।