১২ শিক্ষক-কর্মকর্তা ও ১৫০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার নয়জন শিক্ষক ও তিনজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলেন রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডল। এতে অজ্ঞাতনামা ১৫০ জন শিক্ষার্থীকেও আসামি করা হয়েছে। ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগে কোতোয়ালি থানায় গত বুধবার রাতে মামলাটি করা হয়। মামলার আসামি ১১ জন শিক্ষক-কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার রংপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। এ সময় একজন শিক্ষক অনুপস্থিত ছিলেন। মামলায় অভিযুক্ত নয়জন শিক্ষক হলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাফিজুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, বাংলার সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ, পরিসংখ্যানের সহকারী অধ্যাপক আশরাফুল আলম, হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, সহকারী অধ্যাপক শাহীনুর রহমান, প্রভাষক উমর ফারুক, কম্পিউটার সায়েন্সের সহযোগী অধ্যাপক ইলিয়াছ প্রামাণিক ও ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ফেরদৌস আলম। তিনজন কর্মকর্তা হলেন সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান, মোরশেদুল ইসলাম ও সহকারী পরিচালক (কেন্দ্রীয় গ্রন্থাগার) মামদুদুর রহমান। এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ এনে ১৮ এপ্রিল চারজন শিক্ষক ও দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরই জের ধরে ২০ এপ্রিল ক্যাম্পাসে সহিংস ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এদিকে এ ঘটনার জের ধরে বন্ধ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন এখন নগরজুড়ে। কয়েক দিন ধরে উপাচার্যের বিপক্ষে কয়েকটি রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের একটি অংশ পাল্টাপাল্টি সভা, সমাবেশ, মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি শাহাদত হোসেন ও জেলা জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর মামলা প্রত্যাহারের দাবি জানান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, ২০ এপ্রিল উপাচার্যের বাড়িতে হামলার চেষ্টা ও ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগে মামলাটি করা হয়েছে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহমঞ্চদ আবদুল জলিল মিয়ার অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে শিক্ষক-শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী গণমঞ্চ গঠন করে আন্দোলন শুরু করেন। গত ১০ জানুয়ারি ছাত্রলীগের ব্যানারে বহিরাগত ব্যক্তিরা গণমঞ্চে হামলা চালালে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ আহত হন। ওই দিনই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। এর এক মাস ২০ দিন পর আবারও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।