১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধানী ও মেডিসিন ক্লাবের মধ্যে মারামারির ঘটনায় ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাধ্যক্ষ বাপ্পা গৌতম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সকালে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিকেল পর্যন্ত বিষয়টি গোপন রাখা হয়। পরে সন্ধ্যায় কলেজের নোটিশ বোর্ডে এ-সংক্রান্ত নোটিশ টাঙানো হয়। এর আগে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে জানার জন্য দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজের অধ্যক্ষ মীর হামিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

গত সোমবার কলেজে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সন্ধানী ও মেডিসিন ক্লাবে ভেড়ানো নিয়ে দুটি ক্লাবের সদস্যদের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষে মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনসহ পাঁচজন আহত হন। এ ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে আজ এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

কলেজের নোটিশ বোর্ডে টাঙানো নোটিশে মারামারির ঘটনায় জড়িত ১২ জন শিক্ষার্থীকে পৃথক মেয়াদে বহিষ্কার ও জরিমানার কথা বলা হয়েছে। এর মধ্যে চারজনকে দুই বছরের জন্য কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন মো. ফরহাদুল ইসলাম (ষষ্ঠ ব্যাচ), কৌশিক হোসেন (৭ম ব্যাচ), হোসাইন মো. আশরাফ (৮ম ব্যাচ) ও সাইফুল ইসলাম ওরফে জুয়েল (৮ম ব্যাচ)। এ ছাড়া তিনজনকে ছয় মাসের জন্য বহিষ্কার ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁরা হলেন জাবেদ আহমেদ ওরফে মুন্না (ষষ্ঠ ব্যাচ), সাব্বির হোসেন (ষষ্ঠ ব্যাচ) ও মো. কাওসার (৮ম ব্যাচ)। বাকি পাঁচজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন মো. রায়হান (৮ম ব্যাচ), আসিফ আরাফাত (৭ম ব্যাচ), আল শাহরিয়ার ওরফে হৃদয় (৮ম ব্যাচ), হামীম পাটোয়ারী (ষষ্ঠ ব্যাচ) ও সিদ্ধার্থ শংকর দাস (ষষ্ঠ ব্যাচ)।

নোটিশে বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হয়েছে। তবে বহিষ্কারের বিষয়ে ফরহাদুল ইসলামসহ একাধিক শিক্ষার্থীর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি।

হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে আন্দোলনরত ছাত্রলীগ নেতা-কর্মীরা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে অভিহিত করলেও মারামারি থামাতে যাওয়া কয়েকজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন।

এ বিষয়ে উপাধ্যক্ষ বাপ্পা গৌতম প্রথম আলোকে বলেন, তারা (শিক্ষার্থীরা) অনেক কথাই বলতে পারে। তদন্ত কমিটি তদন্তে যাঁর যতটুকু অপরাধ, সে অনুযায়ী সুপারিশ করেছে। কমিটির তদন্তে ছাত্ররা ‘সি’ ক্যাটাগরিতে অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছেন। তাই তাদের শাস্তি দেওয়া হয়েছে।