চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের ১২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।গত বৃহস্পতিবার বিকেলে শিবির কর্মীরা আচমকা এই হামলা চালান। ওই রাতে পাঁচলাইশ থানার পুলিশ মামলাটি করে। হামলাকারী ব্যক্তিরা সবাই নগরের বাইরের এলাকা থেকে এসেছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে।পুলিশ সূত্র জানায়, হামলার সময় হাতেনাতে গ্রেপ্তার হন শিবির কর্মী আমিনুল ইসলাম ও আনিসুল ইসলাম। তাঁরা আরও ১০ জন সহপাঠীর নাম পুলিশের কাছে প্রকাশ করেন। পলাতক ওই ১০ জনসহ ১২ জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়া।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুজনসহ ১২ জন আসামি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কুমিরা ক্যাম্পাসের ছাত্র। বেসরকারি এই বিশ্ববিদ্যালয় জামায়াতের সমর্থকেরা পরিচালনা করেন বলে জানা গেছে। নগরে নাশকতা চালানোর জন্য তাঁরা ২৪ কিলোমিটার দূরে কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে চট্টগ্রাম নগরে আসেন, যা গ্রেপ্তার হওয়া দুজন স্বীকার করেছেন।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। দুই আসামিকে আমরা সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছি। আদালতে এ বিষয়ে এখনো শুনানি হয়নি।’