১২ সচিব পদে বদল, সরানো হলো টেলিযোগাযোগ সচিবকে
অর্থসচিবসহ ১২টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে রদবদল ও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এসব রদবদল ও নিয়োগ দিয়েছে। তাঁদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরীকে সরিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছিল।
ফয়জুর রহমান একই সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন তিনটি কোম্পানি বিটিসিএল, টেশিস ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তাঁর দায়িত্বকালে এসব কোম্পানির বিভিন্ন উন্নয়নকাজের দরপত্রে অনিয়ম ও সরকারি ক্রয়নীতি লঙ্ঘনের অনেক অভিযোগ ওঠে। গণমাধ্যমে নজিরবিহীন বিভিন্ন অনিয়মের খবর বিভিন্ন সময়ে প্রকাশিত হয়। অনিয়মের কারণে জাপানের সহায়তা সংস্থা জাইকা একটি প্রকল্প থেকে ঋণ সহায়তা প্রত্যাহার করে নিয়েছে।
ফয়জুরকে সরানোয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে এসেছেন শ্যাম সুন্দর সিকদার। তিনি এত দিন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে ছিলেন।
অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। তিনি মাহবুব আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। আর ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাষীস বোস।
সংস্কৃতিসচিব বেগম আক্তারী মমতাজকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব করা হয়েছে। আর পদোন্নতি পেয়ে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইব্রাহীম হোসেন খান।
নতুন দুটি বিভাগ হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব হয়েছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ এবং জননিরাপত্তা বিভাগের দায়িত্ব পেয়েছেন এত দিন ধরে স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে থাকা কামাল উদ্দিন আহমেদ। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক মফিজুল ইসলাম।
পদোন্নতি দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরীকে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
এ ছাড়া এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আসাদুল ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক বেগম শিরীন আখতারকে একই পদে রেখে ভারপ্রাপ্ত সচিবের মর্যাদা দেওয়া হয়েছে।