১২ সেপ্টেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। গতকাল বুধবার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এস আকবর হোছাইন।

ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এস আকবর হোছাইন বলেন, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ১২ সেপ্টেম্বর দুপুর থেকে ৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ৫ অক্টোবর পর্যন্ত ব্যাংকে টাকা জমা দিতে পারবেন। কোন ব্যাংকে টাকা জমা দিতে হবে তা আবেদনের সময় জানা যাবে।

তিনি বলেন, ২৬ অক্টোবর ‘সি’ ইউনিট, ২৭ অক্টোবর ‘ডি’ ইউনিট, ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট ও ২৯ অক্টোবর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। চারটি ইউনিটের পরীক্ষাই সকাল ১০টায় শুরু হবে। ভর্তির বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (admission. eis. cu. ac. bd) পাওয়া যাবে। ওয়েবসাইটটিতে শিক্ষার্থীরা ১১ সেপ্টেম্বর থেকে প্রবেশ করতে পারবেন।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চারটি ইউনিটের মাধ্যমে নেওয়া হবে। ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। ‘বি’ ইউনিটে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ও ‘ডি’ ইউনিটে সম্মিলিত সব বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এবার ভর্তি পরীক্ষা ফরমের পছন্দক্রম অনুযায়ী মেধাতালিকা অনুসারে অনলাইনে বিষয় নির্ধারণ করে দেওয়া হবে। এবার ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়ার সুযোগ থাকছে না।