ফরিদপুরের সদরপুর উপজেলার সাতরশি গ্রামের মোহাম্মদ আলী মাতুব্বর (৮০) ও তাঁর স্ত্রী শামসুন্নাহার (৭০)। বৃদ্ধ এই দম্পতির এখন দিন কাটে চোখের পানি ফেলে। ছবিতে খুঁজে ফেরেন আপনজনকে। এক বছর আগের লঞ্চ দুর্ঘটনায় এই পরিবারের সাতজনই নিখোঁজ হন।
গত বছরের ৪ আগস্ট মাওয়া-কাওড়াকান্দি নৌপথে পদ্মা নদীতে ডুবে যায় এমএল পিনাক-৬ নামের লঞ্চটি। দুর্ঘটনার পর পাঁচ দিন পর্যন্ত মেয়ে, জামাতা, ছেলে, পুত্রবধূ আর তিন নাতি-নাতনির সন্ধানে শোকার্ত অন্য স্বজনদের নিয়ে তাঁরা চষে বেড়িয়েছেন মাওয়া ও কাওড়াকান্দি ঘাট এলাকা। কিন্তু জীবিত বা মৃত কোনো অবস্থাতেই তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি।
আলী মাতুব্বর ও শামসুন্নাহার দুজনই অসুস্থ। নিখোঁজ সন্তান পারভীন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) পরিচালকের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। মাস শেষে বাড়িতে পাঠাতেন দুই হাজার টাকা। ছেলে নিখোঁজ সোবহান মাতুব্বর ঢাকার উত্তরা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি পাঠাতেন দুই থেকে আড়াই হাজার টাকা। এ দিয়ে চলত এই দম্পতির সংসার।
গতকাল সকালে সদরপুর ইউনিয়নের সাতরশি গ্রামে গেলে ওই দম্পতির বড় মেয়ে রেখা বেগম বলেন, ‘লঞ্চডুবির পর আমরা কাওড়াকান্দি ঘাটে গিয়ে পারভীনের বড় মেয়ে জান্নাতুল মারজানের (৭) লাশ পেয়েছিলাম। কিন্তু ওই লাশটির আরেকটি দাবিদার থাকায় পরে সরকারি উদ্যোগে শিবচর পৌর গোরস্তানে অজ্ঞাতনামা ১৭ নম্বর লাশ হিসেবে তাকে দাফন করা হয়।’
আলী মাতুব্বর বলেন, স্থানীয় সাংসদ মুজিবুর রহমান ঘটনার ১০ দিন পর বাড়িতে এসে ২০ হাজার টাকা দিয়ে যান। এ ছাড়া আর কোনো সরকারি সাহায্য পাননি তাঁরা।
ওই একই লঞ্চের যাত্রী ছিলেন পাশের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মহেশ্বর্দী ভীমেরকান্দা গ্রামের লোকমান মিয়ার মা চাঁদনী বেগম (৪২), বোন সাহিদা (১১), সুমনা (৯), রুমনা (৬ মাস) এবং ফুফু তাসলিমা বেগম (৫৯)। নিখোঁজ যাত্রীদের মধ্যে আছেন এই পাঁচজনও।
লোকমান বলেন, তাঁরা সবাই ঢাকার মালিবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। দুর্ঘটনার পর পাঁচ দিন তিনি ঘটনাস্থলে ছিলেন। কিন্তু লাশ পাননি। সেই সঙ্গে পাননি কোনো সরকারি সাহায্যও।
হামেরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোল্লা মো. ফারুক হোসেন বলেন, নিখোঁজ ব্যক্তির পরিবারকে কোনো সরকারি সাহায্য দেওয়া হয়নি। এ জন্য লোকমানের পরিবার কোনো সাহায্য পায়নি।
মাদারীপুরের শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদ বলেন, ওই দুর্ঘটনায় মোট ৭০টি মৃতদেহ উদ্ধার হয়। এর মধ্যে ৪৯টি মৃতদেহ শনাক্ত হয়। বাকি ২১ জনকে অজ্ঞাতনামা হিসেবে শিবচর পৌর কবরস্থানে দাফন করা হয়। আর এখনো ৬৪ জন নিখোঁজ আছেন।
গত বছরের ৪ আগস্ট মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে মুন্সিগঞ্জের মাওয়া যাওয়ার পথে ডুবে যায় এমএল পিনাক-৬ নামের লঞ্চটি। ওই লঞ্চের অধিকাংশ যাত্রীই ছিলেন ঈদুল ফিতর শেষে কর্মস্থলমুখী যাত্রী ও তাঁদের পরিবার-পরিজন।