১২ হাজার একর বন রক্ষায় তিন প্রহরী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় এলাকায় সৃজিত ১২ হাজার একর বন রক্ষার জন্য আছেন মাত্র তিনজন প্রহরী। অথচ এসব বন পাহারা ও দেখাশোনার জন্য ১৪ জন প্রহরী থাকার কথা। লোকবলের সংকটের কারণে উপকূলীয় বন বিভাগ গোরকঘাট রেঞ্জের বেহাল অবস্থা।উপকূলীয় বন বিভাগ গোরকঘাটা রেঞ্জ সূত্রে জানা গেছে, উপজেলার গোরকঘাটা রেঞ্জের অধীনে সাতটি বিটের মধ্যে চারটি বিটে কোনো বন প্রহরী নেই। আর পাঁচটি বিটে নেই কোনো বিট কর্মকর্তা। ফলে বিট কর্মকর্তা, বন প্রহরীসহ জনবলের সংকটের কারণে ১২ হাজার একর বন রক্ষা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে বন বিভাগ। তবে বন বিভাগ লোকবলের সংকট মোকাবিলাসহ ভূমিদস্যুদের হাত থেকে প্যারাবন রক্ষার্থে স্থানীয়ভাবে মাসিক চুক্তির ভিত্তিতে বাইরের আরও সাতজন শ্রমিক নিয়োগ দিয়ে কোনো রকমে বন রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। জানা গেছে, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের আঘাতে গোরকঘাটা রেঞ্জের সাতটি বিট অফিস একেবারে বিলীন হয়ে যায়। পরে দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও এসব বিট অফিসে নতুন করে ভবন করা হয়নি। অফিস না থাকায় ভাড়া বাসা নিয়ে বিট অফিসের কার্যক্রম চালাচ্ছেন বিট কর্মকর্তা-কর্মচারীরা।মাতারবাড়ী বিট কর্মকর্তা মোহামঞ্চদ সুলাইমান বলেন, এক হাজার একর বন পাহারা দেওয়ার জন্য কোনো বন প্রহরী নেই। এ কারণে একজন নৌকাচালক দিয়ে এসব বন পাহারা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল প্রথম আলোকে বলেন, ৪৯ জনের মধ্যে আছেন মাত্র ২২ জন। তার মধ্যে ১৪ জন বন প্রহরীর স্থলে আছেন মাত্র তিনজন। লোকবলের এই সংকটের কারণে ১২ হাজার একর বন রক্ষা করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, বন রক্ষার স্বার্থে এখন মাসিক চুক্তির ভিত্তিতে বাইরের আরও সাতজন শ্রমিক নিয়োগ দিয়ে বন পাহারা দেওয়া হচ্ছে। উপকূলীয় বন বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা সুনিল কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, ‘জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়ার জন্য অনেকবার আবেদন করেছি, কোনো কাজ হয়নি।’