১২ হাজার কৃষকের জন্য একজন কৃষি কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার আওতায় ৫০ গ্রামের কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য কৃষি কর্মকর্তা আছেন মাত্র একজন। অথচ এসব গ্রামে কৃষক আছেন ১২ হাজার। একজন কৃষি কর্মকর্তার পক্ষে এত কৃষকের কাজ তদারক করা অসম্ভব হয়ে পড়েছে। ফলে প্রায় আট মাস ধরে কৃষি পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন অনেক কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্র জানায়, পৌরসভার ৫০টি গ্রামে ছয়টি কৃষি-ব্লক রয়েছে। এসব ব্লকে কৃষকের সংখ্যা ১২ হাজার এবং জমির পরিমাণ তিন হাজার ১০০ হেক্টর। এসব এলাকায় কৃষি পরামর্শের জন্য ছয়জন উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। চলতি বছরের শুরুতে কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে ওই ছয় পদের পাঁচটিই বিলুপ্ত করে মাত্র একটি বহাল রাখা হয়। এর পর থেকে ওই একটি পদে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা কাজ করছেন।
পৌর এলাকার একমাত্র কৃষি কর্মকর্তা মো. হেলালউদ্দিন বলেন, ‘নিয়ম অনুযায়ী ৮০০ জন কৃষকের বিপরীতে মাঠপর্যায়ে একজন কৃষি কর্মকর্তা (উপসহকারী কৃষি কর্মকর্তা) থাকার কথা। অন্যান্য পৌরসভায় এখনো চার থেকে পাঁচজন করে আছেন। অথচ এখানে ১২ হাজার কৃষকের জন্য আছি আমি একা। একজনের পক্ষে এত কৃষককে তদারকি সম্ভব হয় না। ফলে নতুন প্রযুক্তি বোঝানো, হাতে-কলমে প্রশিক্ষণসহ নানা কৃষি পরামর্শ থেকে তাঁরা বঞ্চিত হন।’
পৌরসভার চরমুকুন্দি এলাকার কৃষক মো. মাসুদ বলেন, ‘চাষবাসে আজকাল আর অফিসারেগো দেহা পাই না। ওনারা আছে কি নাই তাও জানি না। ভালো ফলনের জন্য কোনো উপদেশ-পরামর্শও পাই না। আগে হেরা ঘনঘন আইতো। এহন আইয়েই না।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মো. ফয়েজ বলেন, ‘পৌর এলাকায় আরও দু-তিনজন কর্মকর্তা চেয়ে জানুয়ারিতেই কৃষি মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। লোক পাওয়া গেলে এ সমস্যার সমাধান হবে।’