১২ হাজার প্রতিষ্ঠানকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আবাসিক এলাকাগুলোর প্লট ও ভবনে থাকা ১২ হাজারের বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সরিয়ে নিতে নোটিশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), দুই সিটি করপোরেশনসহ সরকারের কয়েকটি দপ্তর। নোটিশের জবাব পর্যালোচনার পর এসব প্রতিষ্ঠানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল বুধবার সচিবালয়ে ‘নগর এলাকায় রাস্তার পাশে আবাসিক প্লট ও ভবনে রেস্তোরাঁ-বারসহ নানাবিধ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাজনিত সমস্যা নিরসনে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ক কমিটি’র সভায় এ কথা বলা হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মহানগরে আবাসিক এলাকায় গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদন নবায়ন না করা এবং নতুন করে কোনো অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।
সভায় জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন আবাসিক এলাকায় গড়ে ওঠা ৩ হাজার ১৫টি, রাজউক ২ হাজার ৪০০টি এবং দক্ষিণ সিটি করপোরেশন ১ হাজার ১৩৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে। এ ছাড়া ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৫ হাজার ৫৩৪, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ১১২ এবং ফায়ার সার্ভিস ১৩টি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে।
শহর এলাকার আবাসিক প্লট ও ভবন থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে গত ৪ এপ্রিলের বৈঠকে ছয় মাস সময় বেঁধে দেয় মন্ত্রিসভা। এই সময়ের মধ্যে স্থাপনা না সরালে তা উচ্ছেদ করার সিদ্ধান্ত জানানো হয় ওই বৈঠক থেকে। মন্ত্রিসভার এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রধান করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হয়।
গতকালের বৈঠকে কমিটির সভাপতি আবদুল মালেক এ বিষয়ে বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মহানগরগুলোর আবাসিক এলাকা থেকে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে নির্ধারিত সময়ের মধ্যেই সরিয়ে নিতে হবে। না হলে রাজউক ও সিটি করপোরেশন যৌথভাবে এগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে এবং গ্যাস-বিদ্যুৎসহ সব ধরনের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।
এ সময় আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানান স্থানীয় সরকার বিভাগের এই সচিব।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি বলেন, ঢাকার ৩৪টি চার ও পাঁচতারকা মানের হোটেলের বিষয়ে রাজউকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি বলেন, তাঁরা এ পর্যন্ত ৫১টি বার, ক্লাব ও রেস্তোরাঁকে নোটিশ পাঠিয়েছেন।
সভা শেষে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্ত আবাসিক এলাকায় থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স বাতিল, নতুন কোনো ট্রেড লাইসেন্স না দেওয়া এবং নোটিশের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত দেন।
এদিকে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর গুলশান, বনানী ও বারিধারা এলাকার অননুমোদিত বাণিজ্যিক স্থাপনার একটি হালনাগাদ তালিকা করেছে রাজউক। নতুন এই তালিকা অনুসারে এসব এলাকার ৫৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদে ‘অনতিবিলম্বে’ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী।