১২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেছেন, সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে দুই লাখ ১২ হাজার শিক্ষক রয়েছেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আরও ১২ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের ঈদগাহ মুসলিম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মা সমাবেশে এ কথা বলেন। মন্ত্রী বলেন, নতুন ১২ হাজার শিক্ষক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে একজন করে নৈশপ্রহরী কাম পিয়ন নিয়োগ দেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও সংস্কারবিষয়ক প্রকল্পের পরিচালক এবং যুগ্ম সচিব মোহাম্মদ মাহফুজুল হক, চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক শাহ সূফী মো. আলী রেজা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, মায়েরা হলেন শিশুদের প্রকৃত শিক্ষক। কাজেই শিশুদের পড়াশোনার ব্যাপারে তাঁরা যত বেশি যত্বশীল ও আগ্রহী হবেন ততই শিক্ষার বিকাশ ঘটবে।এর আগে সকালে আগ্রাবাদ তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও অনুরূপ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বিদ্যালয়ের ছয়তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উভয় সমাবেশে মায়েরা শিক্ষার্থীদের জন্য টিফিন, বিশুদ্ধ পানীয়জল, উপবৃত্তি চালু, রাস্তা পারাপারে সহযোগিতাসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান। মন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।