১২ হাজার ফুট অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর থেকে কামাল্লা বাজার পর্যন্ত প্রায় ১২ হাজার ফুট অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে আদালত ১২টি ভুয়া গ্যাস বিলের বই, ৩৭টি দুই ইঞ্চি ব্যাসের পাইপ ও সাতটি এক ইঞ্চি ব্যাসের পাইপ জব্দ করেন।
গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ মনসুর উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপক বাপ্পি শাহরিয়ার, ব্যবস্থাপক (বিক্রয়) জিয়াউল হক চৌধুরী, ব্যবস্থাপক মোহাম্মদ আলী ভূঁইয়া, মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রমুখ।
জানতে চাইলে ইউএনও মোহাম্মদ মনসুর উদ্দিন প্রথম আলোকে বলেন, একটি মহল চিকন এক ইঞ্চি পাইপ থেকে অবৈধভাবে দুই ইঞ্চি ব্যাসার্ধের পাইপের মাধ্যমে ঝুঁকিপূর্ণ অবস্থায় গ্যাস সরবরাহের জন্য অবৈধ সংযোগ দেয়। এতে বৈধ ও অবৈধ সব গ্রাহকই পর্যাপ্ত গ্যাস পান না। এ ছাড়া মাটি থেকে সাড়ে তিন ফুট গভীরে গ্যাসলাইন স্থাপনের নিয়ম থাকলেও অনেক স্থানে ছয় ইঞ্চি গভীর রেখে সংযোগ স্থাপন করা হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। বিচ্ছিন্ন করা গ্যাসলাইনের অবশিষ্ট পাইপগুলো অপসারণ, বিল বইয়ের স্বাক্ষর সঠিক কি না, তা যাচাই এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএমকে পত্র দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ও দালাল চক্র গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে ওই অবৈধ সংযোগ দিয়েছিল।