১২ হাজার বস্তা নিম্নমানের ইউরিয়া, নিচ্ছে না ডিলার
রংপুরে সরকারি গুদামে ইউরিয়া সারের বস্তা ছেঁড়াফাটা। এসব বস্তার সার মাটি ও ময়লামিশ্রিত এবং জমাটবেঁধে গেছে বলে অভিযোগ উঠেছে। এর পর পরই ১২ হাজার বস্তার ৬০০ মেট্রিক টন সার বিক্রি বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে ৩২৩ মেট্রিক টন সার ফেরত পাঠানো হয়।অনুসন্ধানে জানা গেছে, জেলার বাফার গুদামের এসব ইউরিয়া সার উত্তরাঞ্চলের বাঘাবাড়ি থেকে গত এক সপ্তাহের মধ্যে পাঠানো হয়। সারগুলো চীন থেকে আমদানি করা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ঠিকাদারদের মাধ্যমে এসব সার আমদানি করে।রংপুরে বাফার গুদামের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, এ গুদামের ধারণক্ষমতা পাঁচ হাজার মেট্রিক টন। এখানে আর সার রাখার জায়গা নেই। তিনি আরও জানান, ১২, ১৩, ১৪ ও ১৫ মার্চ এই চার দিনে ৬০০ মেট্রিক টন সার এসেছে, যা গুদামের বাইরে খোলা আকাশের নিচে রাখা হয়েছে।সার মনিটরিং কমিটির সদস্যসচিব ও কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক হাসানুর রহমান জানান, এ জেলায় মার্চে সারের চাহিদা ১২ হাজার ৯০৫ মেট্রিক টন। এখানে ডিলার আছেন ১০২ জন।এদিকে গত মঙ্গলবার শহরের স্টেশন এলাকায় সারের সরকারি গুদামে (বাফার স্টক) সরেজমিনে দেখা গেছে, খোলা আকাশের নিচে স্তূপ হয়ে পড়ে থাকা ইউরিয়া সারের বস্তাগুলো নোংরা। অধিকাংশ বস্তা ছেঁড়াফাটা ও মুখ খোলা। ফেটে যাওয়া কিছু বস্তার সার জমাটবাঁধা। আবার কিছু বস্তার সারের মধ্যে ময়লা ও মাটি মেশানো রয়েছে।সার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার জেলার ৫০ জন ডিলার সার উত্তোলন করতে যান। যেসব সার উত্তোলনের জন্য সার ব্যবসায়ীদের তাগাদা দেওয়া হচ্ছিল, সেসব সার নিম্নমানের হওয়ায় ব্যবসায়ীরা তা নিতে অস্বীকার করেন। সেদিন ব্যবসায়ীরা সার না তুলে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক ও সার মনিটরিং কমিটির সভাপতি বি এম এনামুল হক এবং কৃষি সম্প্রসারণ রংপুর কার্যালয়ের উপ-পরিচালক ও সার মনিটরিং কমিটির সদস্যসচিব হাসানুর রহমান। এ সময় জেলা প্রশাসক সরেজমিনে ইউরিয়া সারের বেহাল অবস্থা দেখে ডিলারদের এসব সার না দেওয়ার জন্য সেখানকার কর্তব্যরত কর্মকর্তাকে নির্দেশ দেন।রংপুরে বাফার গুদামের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মোস্তফা কামাল সারের বস্তা ছেঁড়াফাটা, ময়লাযুক্ত ও নিম্নমানের হওয়ার কথা স্বীকার করে আরও জানান, গত মঙ্গলবার ট্রাকে করে আসা সার রাতেই ফেরত পাঠানো হয়েছে। আর গুদামের সামনে খোলা আকাশের নিচে ১২ হাজার বস্তা সার রাখা হয়েছে। এসব সার সবই নিম্নমানের। ডিলাররা এ সার নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এসব সার বাঘাবাড়ি থেকে এসেছে।সরবরাহ করা সারের বস্তা ছেঁড়াফাটা, মাটিমিশ্রিত ও জমাটবাঁধার কথা স্বীকার করে জেলা সার মনিটরিং কমিটির সদস্যসচিব ও কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক হাসানুর রহমান বলেন, ‘আমি সবেমাত্র এখানে যোগদান করেছি। ডিলারদের এসব সার দেওয়া হবে না। এই সার কীভাবে এখানে এল তা খতিয়ে দেখা হচ্ছে।’