আগামী জুনের মধ্যে দেশের ১২ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ভাতা দেওয়ার কার্যক্রম চলছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার সরকারি দলের পঞ্চানন বিশ্বাসের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অবসর সুবিধা বোর্ডে বর্তমান ৩৭ হাজার ৪৯০টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। এগুলো নিষ্পন্নের জন্য প্রয়োজন প্রায় ১ হাজার ৯৯১ কোটি টাকা। এসব অনিষ্পন্ন আবেদন থেকে আগামী জুনের মধ্যে ১২ হাজার শিক্ষক-কর্মচারীর হাতে তাঁদের পাওনা তুলে দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৫১ হাজার ৮৭৪ জনকে মোট ২ হাজার ৬৩ কোটি ৫০ লাখ, ৬৩ হাজার ৮৮৮ টাকা পরিশোধ করা হয়েছে।
মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের ৫ হাজার ৫৭৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নেই। দিলারা বেগমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৬ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের যাচাইয়ে ৭৩৪টি সনদের মধ্যে ২৪৭টি ভুয়া হিসেবে চিহ্নিত হয়।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা কার্যক্রম অষ্টম শ্রেণি পর্যন্ত পরিচালনার অংশ হিসেবে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হবে। লায়লা আরজুমান বানুর প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের ১৭ হাজার ৬১৫টি এবং সহকারী শিক্ষকের ২৭ হাজার ৩৮৮টি পদ শূন্য রয়েছে।
সেলিনা জাহানের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সারা দেশে প্রায় ১৬ লাখ প্রতিবন্ধীর মধ্যে ৭ লাখ ৫০ হাজার জনকে ২০১৬-১৭ অর্থবছরে ভাতা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব প্রতিবন্ধীকে ভাতা সুবিধার আওতায় আনা হবে।
প্রশ্নোত্তরের আগে ডেপুটি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার পর সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।