১২,৯৫৭ বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নোটিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের আবাসিক প্লট ও ভবনে থাকা ১২ হাজার ৯৫৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে সরকার। নোটিশের জবাব পর্যালোচনা করে সেসব প্রতিষ্ঠান উচ্ছেদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সঙ্গে আবাসিক এলাকায় থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন না করার এবং এসব এলাকায় নতুন করে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনে ট্রেড লাইসেন্স না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সভাপতিত্বে আজ বুধবার সচিবালয়ে নগর এলাকার রাস্তার পাশে আবাসিক প্লট ও ভবনে রেস্তোরাঁ-বারসহ নানাবিধ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাজনিত সমস্যা নিরসনে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নবিষয়ক কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন আবাসিক এলাকায় থাকা ৩ হাজার ১৫টি, দক্ষিণ সিটি করপোরেশনের ১ হাজার ১৩৭টি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২ হাজার ৪০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নোটিশ করেছে। এ ছাড়া খুলনা সিটি করপোরেশন এলাকার ২৬টি, গাজীপুর ৩৭৬টি, কুমিল্লা ৪০টি, চট্টগ্রাম ১৫০টি, বরিশাল ৫৮টি, সিলেট ২৬টি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার পাঁচটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নোটিশ পাঠিয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের আবাসিক প্লট ও ভবনে থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে নোটিশ পাঠানোর প্রক্রিয়া চলছে বলে এই সিটি করপোরেশনের একজন প্রতিনিধি সভায় জানান। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৫ হাজার ৫৩৪টি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ১১২টি এবং ফায়ার সার্ভিস ১৩টি প্রতিষ্ঠানকে নোটিশ করেছে।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, তাঁরা ৫১টি বার, ক্লাব ও রেস্তোরাঁকে নোটিশ পাঠিয়েছেন। ঢাকার ৩৪টি চার ও পাঁচ তারকা হোটেলের বিষয়ে রাজউকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আবাসিক এলাকায় বারের লাইসেন্স বাতিল করে সেগুলো অপসারণ করতে হবে। নতুন করে কোনো বারের লাইসেন্স দেওয়া যাবে না। সব গেস্টহাউস ও আবাসিক হোটেল বন্ধ করতে হবে। মন্ত্রিসভা এসব সিদ্ধান্ত দেওয়ার পর স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রধান করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন শাখার অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্ত জানান, সব কটি সিটি করপোরেশনের আবাসিক এলাকায় থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স আর নবায়ন করা হবে না—এসব ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

এসব এলাকায় নতুন করে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনে কাউকেই ট্রেড লাইসেন্স না দেওয়ার এবং নোটিশের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারিরও সিদ্ধান্ত দেন তিনি।

এদিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার পর আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকার বিষয়টি নিয়ে নতুন করে নড়েচড়ে বসেছে সরকার। গুলশানসহ ঢাকার উত্তরের অভিজাত আবাসিক এলাকাগুলোতে এ রকম ৫৫২টি প্রতিষ্ঠানকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রেস্তোরাঁ, হোটেল, স্কুল-কলেজ ও হাসপাতালও রয়েছে বলে রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী জানিয়েছেন।