১২ ‘বোমা মেশিন’ পুড়িয়ে ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদে পাথর তোলার কাজে ব্যবহূত নিষিদ্ধ ‘বোমা মেশিন’ উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। পিয়াইন নদে অভিযান চালিয়ে গতকাল রোববার প্রায় দেড় কোটি টাকা মূল্যমানের ১২টি ‘বোমা মেশিন’ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার আহমদ চৌধুরীর নেতৃত্বাধীন একটি টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। পিয়াইন নদের পাথর কোয়ারি এলাকায় সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত অভিযানের শুরুতে টগর টিলা এলাকায় একটি বোমা মেশিন ভেঙে ফেলা হয়। পরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এরপর বল্লাঘাটের আজমেরী বস্তি ও লন্ডনিবাজার এলাকায় অভিযান চালিয়ে ১১টি বোমা মেশিন জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় বোমা মেশিনের মালিকেরা পাথর কোয়ারি এলাকায় প্রবেশের চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া সতর্কতার কারণে তাঁরা কোয়ারিতে প্রবেশ করতে পারেননি। ইউএনও মো. ইফতেখার আহমেদ চৌধুরীর নেতৃত্বে অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মো. ফারুক হোসেনসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংগ্রামপুর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনও ইফতেখার আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।