১২ ‘রাজাকারের’ বিরুদ্ধে মামলা
১৯৭১ সালে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার চার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ এনে ১২ ‘রাজাকারের’ বিরুদ্ধে জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিমের আদালতে একটি মামলা হয়েছে। মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ায় ওই অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। আদালত মামলাটি নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। গত সোমবার জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম কুমার শিপন মোদক এ আদেশ দেন। গত ২০ জানুয়ারি ওই আদালতে এলাকাবাসীর পক্ষে মামলাটি করেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ চৌধুরীপাড়ার আখতার হোসেন। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন ১৯৭১ সালে ক্ষেতলালের তত্কালীন মামুদপুর ইউনিয়ন শান্তি কমিটির নেতা ও মামুদপুর গ্রামের বাসিন্দা আবদুর রহিম ওরফে মদ্দিন মাস্টার, তাঁর সহযোগী একই গ্রামের আবু সাঈদ মণ্ডল, শুকুর শাখিদার, আবদুল মজিদ মণ্ডল, কুম্মত মণ্ডল, শেতামহসিন, হাসিম মিয়া, সামছুদ্দিন মণ্ডল, মফসিন মণ্ডল, জাবের সরদার, আলীম সরদার ও রসুলপুর গ্রামের রবিয়া প্রধান।মামলায় অভিযোগ করা হয়, শান্তি কমিটির ওই সদস্যরা ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর তত্কালীন মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমন্তাহার গ্রামের মখলেছার রহমান চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালান। মখলেছার রহমান তাঁর বাড়িতে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে মুক্তিক্যাম্প স্থাপনে সহযোগিতা করেছিলেন। অভিযুক্ত ব্যক্তিরা মখলেছার রহমানের প্রতিবেশী মাছের উদ্দিন চৌধুরী, তোফাজ্জল হোসেন ও আবুল হোসেনের বাড়িতেও অগ্নিসংযোগ করেন। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন বলে শুনেছি। তবে এখনো আদালতের আদেশের কপি হাতে পাইনি।’