১২টায় ঘুম ভাঙলেও তাঁরা আস্তিক: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি আবারও নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার আবার ক্ষমতায় এলে নির্বাচন না দিয়ে রোজ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইবে।

আজ বৃহস্পতিবার গণভবনে পিরোজপুর আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভার উদ্বোধনী ভাষণে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, ‘আমরা দিনে পাঁচবার নামাজ পড়ি কিন্তু আমাদের “নাস্তিক” বলা হয়, অথচ যাঁরা বেলা ১২টায় ঘুম থেকে ওঠেন তাঁদের বলা হয় “আস্তিক”। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বুঝি না কোন আশায় বিএনপি আবারও তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতায় আনতে চায়। তারা এবার ক্ষমতায় এলে নির্বাচন দেবে না এবং রোজ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইবে।’ তিনি সতর্ক করে দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার অতীতে যা করতে পারেনি তার সবকিছুই এবার করার চেষ্টা করবে।

 ‘তারা অনন্তকাল ক্ষমতায় থাকতে পারেন’—নাম উল্লে­খ না করে অতীতের তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীর এই বক্তব্য উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, এবারও হয়তো তাঁর মতো কেউ একজন এ উপদেশ জারি করবেন যে “পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে।” তার এই উপদেশের সূত্র ধরেই নির্বাচন না দিয়ে তারা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার চেষ্টা করবে। এরপর বিরোধী দল নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কান্নাকাটি শুরু করবে।’

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে বিরোধী দলের দাবির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বিরোধী দলের নেতাকে ক্ষমতায় বসাবে, এ গ্যারান্টি তাঁকে কে দিয়েছেন।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া এ কথা কী করে ভুলে গেলেন যে তত্ত্বাবধায়ক সরকার তাঁকে জেলে পাঠিয়েছিল এবং তাঁর দুই ছেলেকে উত্তম-মধ্যম দিয়ে ও মুচলেকা নিয়ে বিদেশে পাঠানো হয়েছিল।’

জনগণ ম্যান্ডেট দিলে সরকার গঠন করব, অন্যথায় নয়

প্রধানমন্ত্রী বলেন, এ কথা সত্য যে আওয়ামী লীগই প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছিল এবং এই দাবিতে দেশে আন্দোলনও গড়ে তুলেছিল। সে সময় এই দাবির পেছনে যুক্তি ছিল। কারণ, বিএনপি সরকার মাগুরা ও মিরপুর উপনির্বাচনে কারচুপি করেছিল। তিনি বলেন, তাঁর সরকার দেশে নিরবচ্ছিন্ন গণতন্ত্র চায়, এ জন্য এ সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন ও ভোটাধিকার প্রতিষ্ঠা করা।

প্রধানমন্ত্রী বলেন, ‘পরবর্তী সাধারণ নির্বাচনে জনগণ তাদের ইচ্ছানুযায়ী তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এতে আমার দল জনগণের ম্যান্ডেট পেলে আমরা সরকার গঠন করব, অন্যথায় নয়।’

নামাজ পড়লেও আমরা‘নাস্তিক’

যুদ্ধাপরাধীদের বিচারকে গণদাবি এবং সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হিসেবে উল্লে­খ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১-এর দুষ্কৃতকারীদের বিচার শুরু হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিচারের রায় দিতে শুরু করেছেন। তিনি আরও বলেন, ‘এই বিচারের রায় কার্যকর করে আমরা জাতিকে ৪২ বছরের কলঙ্ক থেকে মুক্ত করতে সক্ষম হব ইনশাআল্ল­াহ।’

বর্তমান সরকারকে ‘নাস্তিক’ বলা লোকের সংখ্যা বহুলাংশে কমে গেছে উল্লে­খ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা দিনে পাঁচবার নামাজ পড়ি কিন্তু আমাদের “নাস্তিক” বলা হয়, অথচ যাঁরা বেলা ১২টায় ঘুম থেকে ওঠেন তাঁদের বলা হয় “আস্তিক”।’

অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ কুমার রায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। দলের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস সভা পরিচালনা করেন।