১২টি ইনকিউবেটরের মধ্যে সাতটিই নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের ১২টি ইনকিউবেটরের মধ্যে সাতটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে।ফলে অপুষ্ট শিশু এবং শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশুদের জীবন এখন হুমকির মুখে।হাসপাতাল সূত্রে জানা গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত ঝুঁকিপূর্ণ শিশুদের চিকিৎসা দিতে শিশু ওয়ার্ডে ১২টি ইনকিউবেটর যন্ত্র রয়েছে। এর মধ্যে সাতটিই কিছু দিন ধরে নষ্ট হয়ে আছে। এক সপ্তাহ আগে এগুলো মেরামত করার কথা থাকলেও এখনো তা করা হয়নি।গত শনিবার রাতে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, দুটি শিশু ওয়ার্ডে ৭৫টি শয্যার বিপরীতে ১৫৫টি শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে ৫৫টি শিশুর জীবন অপুষ্টি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগের কারণে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এদের বয়স এক দিন থেকে পাঁচ বছর পর্যন্ত। শয্যাসংখ্যার দ্বিগুণ রোগী হওয়ায় এক শয্যায় দুটি শিশুকে থাকতে হচ্ছে।লালমনিরহাটের আমেনা বেগম তাঁর তিন দিন বয়সী শিশুকে শ্বাসকষ্টজনিত রোগের কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি করেন। তিনি বলেন, ছাওয়াটার ঠান্ডা লাগছে। হাসপাতালোত গরম দেওয়া যন্ত্র কম, তাই সিরিয়াল দিতে হয়। তারাগঞ্জের ফজিলাতুন নেছা ও কাউনিয়ার রমিছা বেগমও একই কথা বললেন।শিশু বিভাগের চিকিৎসক খালিদ আহমেদ জানান, প্রয়োজনীয় শীতবস্ত্র এবং মায়েদের অসচেতনতার কারণে অনেক শিশু জন্মের পর মারা যায় কিংবা শ্বাসকষ্টজনিত রোগে ভুগে থাকে। সেই সঙ্গে হাসপাতালে ইনকিউবেটর কম থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলাম জানান, ভর্তি হওয়া শিশুদের চিকিৎসার কোনো ত্রুটি করা হচ্ছে না। এ ছাড়া নষ্ট ইনকিউবেটর যন্ত্র মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।