১২টি কবর খুঁড়ে লাশ ও কঙ্কাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি গোরস্থানের কবর খুঁড়ে ১০টি কঙ্কাল ও দুটি মৃতদেহ চুরি হয়েছে। গত শুক্রবার রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি গোরস্থানে। এলাকাবাসী ওই গোরস্থানের পাশের একটি ঝোপ থেকে একটি বস্তায় ভরা তিনটি মাথা ও কিছু হাড়গোড় উদ্ধার করেছে।স্থানীয় ইউপি সদস্য তৈয়বুর রহমান বলেন, ‘গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এলাকার কয়েকজন কৃষক খেতে কাজ করার একপর্যায়ে ওই গোরস্থানে বিশ্রাম নিতে গেলে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। বিষয়টি জানানো হলে, আমরা ঘটনাস্থলে গিয়ে ১২টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পাই। আশপাশে তল্লাশি চালিয়ে ওই গোরস্থানের পাশে একটি ঝোপে লুকিয়ে রাখা একটি বস্তার মধ্য থেকে তিনটি মাথা ও কিছু হাড়গোড় উদ্ধার করা হয়।’ পাশের রসুলপুর বাজার বণিক সমিতির সভাপতি মুন্সি জাহিদুল ইসলাম বলেন, ওই ১২টি কবরের মধ্যে গত ৪০-৪৫ দিন আগে দাফন হওয়া দুটি লাশও রয়েছে। এ লাশ দুটির কোনো হদিস পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধার করা কঙ্কাল মাটিচাপা দেওয়া হয়েছে।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, ‘নরকঙ্কালের ব্যবসায় জড়িত একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আমরা চক্রটিকে শনাক্ত করা এবং এর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’