মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১২টি অবৈধ করাতকল সিলগালা করেছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলার শ্রীপুর বাজারের বদরুল হোসেন খান, শ্রীপুর জালালিয়া এতিমখানা, নবীনগরের নজরুল ইসলাম, সিঙ্গুর খাদিমপাড়ার স্নেহময়ী দেব, বরমচালের খুরশীদ মিয়া, মতিউর রহমান, উত্তরভাগের জয়নুল ইসলাম, ভাটেরার আলমগীর হোসেন, আকমল হোসেন, অতিকুল ইসলাম, ব্রাহ্মণবাজারের আবদুল মতিন ও হিঙ্গাজিয়া গাজীপুরের আজাদুল ইসলামের মালিকানাধীন করাতকল সিলগালা করা হয়। এ সময় বন বিভাগের কুলাউড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য, ফরেস্টার রিয়াজ উদ্দিন, বর্ডার গার্ড বাংলাদেশের ৪৬ ব্যাটালিয়নের শরীফপুর ক্যাম্পের কমান্ডার মো. দাইমুল ইসলাম উপস্থিত ছিলেন।