১২টি গ্রামের মানুষের বিদ্যুৎসংযোগের দাবি
সিলেট শহরতলির ১২টি গ্রামের মানুষ তাঁদের গ্রামগুলোতে বিদ্যুৎসংযোগের দাবি জানিয়েছেন। এসব গ্রামের বাসিন্দারা জানান, অতীতে বিভিন্ন সময় বিদ্যুতের দাবিতে এলাকাবাসী মানববন্ধন-সমাবেশ করলেও কাজের কাজ কিছুই হয়নি। অথচ প্রতিবার জাতীয় সংসদ নির্বাচনের আগে সাংসদ প্রার্থীরা এসব গ্রামে বিদ্যুৎসংযোগ সরবরাহের আশ্বাস দিয়ে থাকেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিলেট শহরতলির সদর উপজেলার ভোলামারা, চান্দাই, ছানিরমহল, দেবাইবহর, রামপুর, কোনাটিলা, চানপুর, পুয়াইনকাটা, কুমারপাড়া, এওলারথোক, মোটরঘাট ও নয়াগ্রাম—এ ১২টি গ্রামে বিদ্যুৎসংযোগ নেই।ভুক্তভোগী গ্রামবাসী অভিযোগ করেন, ২০০১ সালের নির্বাচনের আগে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং ২০০৮ সালে গত সংসদ নির্বাচনের আগে মহাজোট সরকারের বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নির্বাচনী প্রচারণায় সংশ্লিষ্ট গ্রামগুলোতে বিদ্যুৎসংযোগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে আশ্বাস জানিয়ে এলাকাবাসীর কাছে ভোট চেয়েছিলেন। কিন্তু এই আশ্বাসের কোনো কার্যকর উদ্যোগ এ পর্যন্ত নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট গ্রামবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. উমেদ আলী (৬০) বলেন, ‘দেখতে দেখতে পুরা জীবনটাই কাটাইয়া দিলাম, বাত্তির মুখ আর দেখলাম না। বাকি জীবনটাতেও দেইখা যাইতাম পারমু কি না সন্দেহ আছে!’চানপুর গ্রামের শাহ কামাল যুব সংঘের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, ‘১২টি গ্রাম শহরতলিতে অবস্থিত। অথচ যেন আলোর নিচে অন্ধকার। বিদ্যুৎ না থাকায় আমাদের ভোগান্তিরও শেষ নেই। জ্বালানি তেলের যা দাম, এতে করে কেরোসিনের দাম দিতে দিতেই আয়ের সব শেষ।’উন্নয়ন সংগঠক জালাল আহমদ বলেন, ‘সিলেট সদর উপজেলার সবচেয়ে উন্নয়নবঞ্চিত জনপদ হচ্ছে এসব গ্রাম। শুধু বিদ্যুতের অভাবে এখানকার মানুষ অন্যান্য এলাকার চেয়ে অনেক বেশি পিছিয়ে পড়ছে।’চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনোয়ারা বেগম বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যুৎ না থাকায় শ্রেণীকক্ষে কোনো ফ্যান নেই। ফলে প্রচণ্ড গরমে চরম ভোগান্তি সহ্য করে শিক্ষার্থী-শিক্ষকদের পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে।’স্থানীয় খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘১২টি গ্রামের হাজারো মানুষ বিদ্যুতের অভাবে কষ্টে রয়েছে। তবে সরকার যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে আন্তরিক, তাই এসব এলাকায় শিগগিরই বিদ্যুৎসংযোগ সরবরাহ করা হবে বলে আমাদের বিশ্বাস।’সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যেসব গ্রামে বিদ্যুৎ নেই সেখানে বিদ্যুৎসংযোগের বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। এ সরকারের আমলেই সংশ্লিষ্ট গ্রামগুলোতে পল্লী বিদ্যুতের আওতায় বিদ্যুৎ সরবরাহের একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে।’বিদুৎ অধিদপ্তর সিলেটের অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী রতন কুমার বিশ্বাস বলেন, ‘সংশ্লিষ্ট ১২টি গ্রামে বিদ্যুৎসংযোগের বিষয়টি নিয়ে আপাতত কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে এটি একান্তই মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। এ ক্ষেত্রে হয়তো ভবিষ্যতে এসব গ্রাম বিদ্যুৎসংযোগের আওতায় আসবে।’